শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৯ পিএম, ২০২৬-১০-১৪
বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) নগরীর আগ্রাবাদের জাম্বুরি মাঠ এলাকায় বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “Shared Vision for a Better World: Affordable and Clean Energy” অর্থাৎ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব- সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানী’।
উক্ত আলোচনা সভার সভাপতি জনাব মোঃ মোমেন উস সাজ্জাদ, উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান তাঁর সূচনা বক্তব্যে বিশ্ব মান দিবসের তাৎপর্য ও পণ্যের গুণগত মান রক্ষা ও তদারকির ক্ষেত্রে বিএসটিআই, চট্টগ্রাম এর অবদানসমূহ বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরেন এবং আধুনিক ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে ভোজ্যতেলের ভিটামিন-এ সহ অন্যান্য জরুরি পণ্যের মান পরীক্ষণ নিশ্চিতের ব্যাপারে জানান। তিনি উল্লেখ করেন, পণ্যের মান বজায় রাখা শুধু ব্যবসায়িক সুবিধাই বাড়ায় না, বরং পরিবেশ সুরক্ষায় ও টেকসই অর্থনীতি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভোক্তাসাধারণের সুবিধার্থে ও সেবাপ্রাপ্তি সহজ করতে ডিজিটাল সেবা, কিউআর কোড (QR Code) এবং হেল্পলাইন (১৬১১৯) চালু করা হয়েছে। তিনি বাজারের গুণগত মান নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভার প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও পরিচালক (স্থানীয় সরকার) জনাব মনোয়ারা বেগম তাঁর বক্তব্যে বলেন, “বিএসটিআই কোনো অবস্থাতেই মান বজায় রাখার ক্ষেত্রে ছাড় বা আপস করবে না; শতভাগ গুণগত মান নিশ্চিত করেই কেবল লাইসেন্স প্রদান করতে হবে।” তিনি উল্লেখ করেন, দেশের প্রধান বাণিজ্যিক নগরী চট্টগ্রামে আধুনিক ল্যাবরেটরিসহ নতুন ভবন নির্মাণ করা হয়েছে, যাতে ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানি ছাড়া দ্রুততম সময়ে সেবা লাভ করতে পারেন। এছাড়া পণ্যের মেয়াদোত্তীর্ণ তারিখ পরিবর্তনসহ নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সামগ্রিক জনকল্যাণ ও মানবিক মূল্যবোধ ধারণ না করলে মান নিশ্চিত করা অসম্ভব। বিএসটিআই-এর সেবা ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে তিনি বড় বড় শপিং মলগুলোতে প্রচারণামূলক ব্যানার টাঙানোর পরামর্শ দেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. জামাল উদ্দিন আহমেদ, পরিচালক, আইইটি ও অধ্যাপক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিনি এসডিজি এর ৭ নং অভীষ্ট তথা সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি নিশ্চিতকরণের জন্য বিভিন্ন প্রকার শক্তির সংমিশ্রণ ও নবায়নযোগ্য শক্তির গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির মতো নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে যথাযথ মান বজায় না থাকলে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ সুবিধার অগ্রগতি হলেও ২০৩০ সালের মধ্যে ২০% ও ২০৪১ সালের মধ্যে ৩০% নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে উন্নত মাননিয়ন্ত্রণ ও ল্যাবরেটরি সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য। এর পাশাপাশি তিনি বাসাবাড়ি ও শিল্পকারখানায় জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার এবং নিয়মিত এনার্জি অডিট জোরদারের তাগিদ দেন। বক্তব্যে তিনি বিএসটিআই-এর সোলার মডিউল ও ইনভার্টার টেস্টিং ল্যাবের ভূমিকার প্রশংসা করেন এবং টেকসই ভবিষ্যৎ গঠনে মানভিত্তিক শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “মান থেকেই টেকসই উন্নয়নের শুরু”।
সভার বিশেষ অতিথি জনাব পাঠান মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম বলেন “বিএসটিআই-এর লোগো আমাদের আস্থার প্রতীক; তাই দেশীয় পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও মান নিশ্চিতকরণে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।” তিনি অপচয় রোধে এনার্জি অডিট চালু, ডিজিটাল সেবা কিউআর কোডের মাধ্যমে তথ্য প্রাপ্তি সহজীকরণ এবং ল্যাব স্যাম্পলের পাশাপাশি বাজারের পণ্যের মান নিশ্চিত করতে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক অসদুপায় রোধে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার তাগিদ দেন তিনি।
সভার অপর বিশেষ অতিথি জনাব এস এম নাজের হোসেন, সভাপতি, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম- তাঁর বক্তব্যে বলেন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ক্ষেত্রে ভেজাল রোধ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, ভোক্তাদের সঠিক ওজন ও পরিমাপ প্রাপ্তি নিশ্চিত করতে বিএসটিআই-এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহলের সম্মিলিত উদ্যোগ জরুরি। পরিশেষে, তিনি একটি বৈষম্যহীন ও নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অংশীজনদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব শিমু বিশ্বাস, সহকারী পরিচালক (সিএম) ও জনাব ফারহানা জাহান পারুল, সহকারী পরিচালক (সিএম)। পরিশেষে জনাব ইব্রাহীম খলিল, উপপরিচালক (রসায়ন) উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৮৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘ওয়ান হেলথ বাংলাদেশ’ চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আজ বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের শারীরà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাত করা এবং মূল্য তালিকা ও ক্রয়-বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানগরীর ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited