শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪৭ পিএম, ২০২৬-১১-০৩
প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পের পাইপলাইনে লিকেজ শনাক্ত করতে তিন মাসের বেশি সময় পার হয়েছে। এখনো মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক করতে পারেনি চট্টগ্রাম ওয়াসা।
এতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ও মজ্জারটেক এলাকার প্রায় ২৫০টি সংযোগে পানি সরবরাহ বন্ধ রয়েছে। সংযোগগুলোর বিপরীতে আনুমানিক দুই থেকে আড়াই হাজার মানুষ পানির সংকটে রয়েছেন।
কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, তাও নিশ্চিত করে বলতে পারছেন না ওয়াসার কর্মকর্তারা।
এদিকে একটি এলাকায় দিনের পর দিন পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা।
বিশেষ করে যেসব পরিবার ওয়াসার পানি পাওয়ার পর বিকল্প পানির উৎস বন্ধ করে দিয়েছিল, তাদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। অন্যদিকে, পানি না থাকায় রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও পড়েছে সংকটে।
তিন মাস ধরে চলা এই পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয় গ্রাহকেরা।
জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার আবাসিক গ্রাহক এবং শিল্পকারখানায় পানি সরবরাহের লক্ষ্যে ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম ওয়াসা। ২০১৬ সালের ৫ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৩৬ কোটি ৩০ লাখ টাকা। পরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১ হাজার ৯৯৪ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৯৫৮ কোটি টাকা বা ৯২ শতাংশের বেশি।
পাঁচ বছর মেয়াদি প্রকল্পটির কাজ ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় দুটিই বাড়ানো হয়। প্রকল্পের আওতায় প্রায় ১৩৩ কিলোমিটার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পাইপলাইন স্থাপন করা হয়েছে। পানি শোধনাগারটির দৈনিক উৎপাদনক্ষমতা ছয় কোটি লিটার।
প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পটিয়ার শিকলবাহা খালের তলদেশে কালারপোল সেতুর পাশে বিশেষ টানেল তৈরি করে পাইপলাইন স্থাপন করা হয়। ২০২২ সালের অক্টোবরে শুরু হওয়া এ কাজ ২০২৩ সালের শেষ দিকে সম্পন্ন হয়। পরে ২০২৪ সালের অক্টোবর-নভেম্বরে পুরো পাইপলাইনের জোড়াতালি পরীক্ষা ও পরীক্ষামূলক পানি সরবরাহ কার্যক্রম শেষ হয়। কিন্তু পাইপলাইন স্থাপনের দুই বছর পার না হতেই সংশ্লিষ্ট লাইনে লিকেজ দেখা দেওয়ায় প্রকল্পের নির্মাণমান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
লিকেজ শনাক্তে ওয়াসার দীর্ঘসূত্রতা নিয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক মাহবুব আলম বলেন, আমাদের প্রকল্পের কাজ চলছে। কোরিয়ান কোম্পানি লিকেজ শনাক্তে কাজ করছে। নদীর নিচ দিয়ে প্রায় ৮০ ফুট টানেলের মাধ্যমে পাইপলাইন নেওয়া হয়েছে। ফলে প্রায় ৮০ ফুট গভীরতায় কাজ করতে হচ্ছে। এ কারণে লিকেজ খুঁজে পেতে সময় লাগছে।
কবে নাগাদ লিকেজ শনাক্ত ও মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক করা যাবে, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।
এদিকে, দীর্ঘদিন পানি না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শিকলবাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, তিন মাস ধরে এলাকায় পানি নেই। বিকল্প পদ্ধতিতে আমাদের চলতে হচ্ছে। এ এলাকায় আগে গভীর নলকূপসহ বিভিন্ন ব্যবস্থা ছিল। ওয়াসার পানি আসার পর অনেকে সেগুলো বন্ধ করে দিয়েছেন। তিন মাস ধরে যে ভোগান্তির শিকার হতে হচ্ছে, তা অবর্ণনীয়। পানি ছাড়া এক মুহূর্তও চলা সম্ভব নয়। সেখানে মাসের পর মাস পানি ছাড়া মানুষ কীভাবে আছে, সেটি ওয়াসার কর্মকর্তাদের বোঝা উচিত।
শহরতলি হওয়ায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ও মজ্জারটেক এলাকায় দ্রুত নগরায়ণ হচ্ছে। একদিকে গড়ে উঠেছে ভারী শিল্পকারখানা, অন্যদিকে আবাসিক ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বাড়ছে। তুলনামূলক কম খরচে বসবাসের সুযোগ থাকায় এ এলাকায় জনবসতিও বাড়ছে। ফলে পানি সরবরাহ বন্ধ থাকায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও পড়েছে বিপাকে।
মজ্জারটেক এলাকায় রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত জামিল আহমেদ বলেন, আমরা কীভাবে ব্যবসা করছি, তা বোঝাতে পারব না। ওয়াসার পানি তিন মাস ধরে বন্ধ। ওয়াসায় যোগাযোগ করেছিলাম। তারা বলছে, সঞ্চালন লাইনে লিকেজ আছে। একটি লিকেজ সারাতে এত দিন লাগে কীভাবে? আমার ধারণা, এ প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানে আলম বলেন, আমি পরিদর্শন করেছি। কীভাবে, কোথায় লিক হয়েছে, তা খুঁজে পাওয়া যায়নি। ওয়াসার লোকজন এখনো কাজ করছে।
কোরিয়ান এক্সিম ব্যাংকের ঋণ, সরকারি অর্থ এবং চট্টগ্রাম ওয়াসার নিজস্ব তহবিলে বাস্তবায়িত হয় প্রকল্পটি। এর মধ্যে কোরিয়ান এক্সিম ব্যাংক থেকে প্রায় ১ হাজার ২২৪ কোটি টাকা, সরকার থেকে প্রায় ৭৫০ কোটি টাকা এবং ওয়াসার নিজস্ব তহবিল থেকে ২০ কোটি টাকা দেওয়া হয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম বন্দরের পোর্ট বিল পরিশোধে ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। এতে লেনদà§...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : নগরবাসীর পুলিশি সেবা নিশ্চিত করা, হয়রানি কমানো এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত
সীতাকুণ্ড প্রতিনিধি : : সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সামনে লরির ধাক্কায় একটি বাস à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার প্রধান পলাতক আসাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited