শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৫:৪৪ পিএম, ২০২৬-০১-১৭
চট্টগ্রামের চন্দনাইশে দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাহী সদস্য ও গেজেটধারী জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দীন মাহিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের বদুরপাড়া পেট্রোল পাম্পের সামনে এ হামলার ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সাজ্জাদ হোসেন রাহাত জানান, চন্দনাইশে গেজেটধারী জুলাইযোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দীন মাহিন শুক্রবার রাতে সিএনজি টেক্সিযোগে পটিয়া থেকে চন্দনাইশের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বদুরপাড়া এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায় হামলাকারীরা তাদের মুখ চেপে ধরে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। তিনি বলেন, আমরা স্বৈরাচারের দোসর চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের বিএনপি প্রার্থী জসিমের বিরুদ্ধে গত ১০ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলাম। তখন থেকে তার অনুসারীরা বিভিন্ন প্রলোভন দেখায়। কিন্তু আমরা রাজি হইনি। এরপর থেকে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিল। হামলার অভিযোগের বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দীন আহমদ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, জুলাইযোদ্ধারা হচ্ছে আমাদের আবেগ। কিন্তু এলডিপি, কিছু সংখ্যক এনসিপি এবং জামায়াত ইসলামী তারা তো জোট। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত একজন প্রার্থী। আমি চন্দনাইশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দুষ্কৃতিকারী দল ফায়দা হাসিলের উদ্দেশে বদুরপাড়া রাস্তার মাথায় একটি কাল্পনিক ঘটনা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি স্পষ্টভাবে চন্দনাইশবাসীকে জানাতে চাই বদুরপাড়া রাস্তার মাথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যা রটানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং আমাদের ইমেজ ক্ষুণ্ন করার একটি ব্যর্থ চেষ্টা মাত্র। তিনি বলেন, আমাদের বক্তব্য পরিষ্কার চন্দনাইশের শান্ত পরিবেশকে অশান্ত করার একটি গভীর ষড়যন্ত্র। চন্দনাইশের উন্নয়ন আর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরাজিত শক্তিরা এখন গুজবের আশ্রয় নিচ্ছে। আমরা এই চন্দনাইশের সাধারণ মানুষকে নিয়ে সব প্রপারগান্ডার জবাব দেবো ইনশাল্লাহ। আমার প্রিয় চন্দনাইশবাসী ও সাতকানিয়া আংশিকবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা কোনও ধরনের গুজবে কান দেবেন না। সত্যকে আড়াল করা যায় না আর ষড়যন্ত্রকারীরা কখনও সফল হতে পারে না। এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, চন্দনাইশে রাতের আঁধারে জুলাইযোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি ইলিয়াছ খান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited