শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৮:৪৭ পিএম, ২০২৫-১২-১৭
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক নাজমা আশরাফী শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল রকিব, বীর মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৭টায় শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিসমাধিতে বিজিবি সেক্টর কমান্ডার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
1.jpg)
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর চৌকস ও সুসজ্জিত গার্ড অব অনার প্রদান করা হয়। বিউগলের করুণ সুরের মধ্য দিয়ে উপস্থিত সবাই গভীর শ্রদ্ধাভরে জাতির এই সূর্যসন্তানকে স্মরণ করেন। অনুষ্ঠানে বক্তব্যে সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব বলেন, “১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস—বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য, গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনে আমরা পেয়েছি আমাদের লাল-সবুজের প্রিয় পতাকা।” তিনি মহান বিজয় দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে পরাধীনতার শিকল ছিন্ন করে বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতা। তিনি আরও বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গর্বিত মুক্তিসেনারা হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে এনেছিলেন। বিজয়ের এই দিনে তিনি সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন বিজিবির বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম, ৭৭ জন বীর প্রতীক এবং আত্মোৎসর্গকারী ৮১৭ জন বীর শহীদকে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ ১৯৭১ সালের ২০ এপ্রিল পার্বত্য রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকার চেংড়ী খালে প্রতিরক্ষা অবস্থানে অবস্থান করছিলেন। এ সময় পাক হানাদার বাহিনীর সৈন্য বহনকারী দুটি লঞ্চ ও একটি স্পিডবোট তাঁর মেশিনগানের গুলিতে নদীতে ডুবিয়ে দেন। তাঁর এই বীরত্বপূর্ণ সাহসিকতার ফলে পাক হানাদার বাহিনী পশ্চাদপসরণে বাধ্য হয়। পরবর্তীতে পাক বাহিনীর মর্টারের আঘাতে এই স্থানেই তিনি বীরত্বের সঙ্গে শাহাদাত বরণ করেন। তাঁর এই মহান আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা। বাংলাদেশ সরকার তাঁর অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, সিগন্যালস্ সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
1.jpg)
বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয়ের ৫৪ বছরে পদার্পণ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়। সকালেই বাঘাইছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল, আঞ্চলিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিকতা আরও বর্ণিল করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। এ সময় তিন দিনব্যাপী বিজয় মেলারও শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়। এই দিনটি বাঙালি জাতির জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন ও গৌরবের প্রতীক। তাই মহান বিজয় দিবসটি যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নানান আয়োজনে পালন করা হয়।
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন
.jpg)
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসমূহ এবং ছাত্র-ছাত্রীদের আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকাল ৯টা ০০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয়ের নেতৃত্বে ক্যাম্পাসের বিজয় স্মৃতিস্তম্ভে জাতির সূর্যসন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, “আমরা ২০২৪-এর বাংলাদেশে প্রত্যাশা করছি—আমরা আর কখনো ফ্যাসিবাদের চর্চা করব না। ১৯৪৭ সালকে স্মরণ করা প্রয়োজন, কারণ ১৯৪৭ না হলে ১৯৭১-এ পৌঁছানো সম্ভব হতো না। ১৯৫২ ও ১৯৭১—প্রতিটি অধ্যায়ের আলাদা মর্যাদা ও তাৎপর্য রয়েছে।” তিনি বিভ্রান্তিমূলক আলোচনা ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। এরপর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন। ‘মহান বিজয় দিবস-২০২৫: সুযোগ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশ গঠনে আত্মত্যাগকারী সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “আমাদের ছাত্র-ছাত্রীরাই আগামীর বাংলাদেশ। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে যোগ্য, সৎ ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হবে।” তিনি প্রলোভনমুক্ত থেকে সমাজের জন্য ইতিবাচক নেতৃত্ব তৈরির আহ্বান জানান এবং সততার বিষয়ে কোনো আপস না করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, জুলাই’২৪-এ যে ঐক্য ও চেতনা নিয়ে আন্দোলন হয়েছিল, সে ঐক্যের মধ্যে বর্তমানে যে দূরত্ব দেখা যাচ্ছে, তা কাম্য নয়। তিনি ’৪৭ থেকে ’৭১ এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জুলাই’২৪ পূর্ববর্তী সময়ের রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও রাষ্ট্রীয় নিপীড়নের চিত্র তুলে ধরেন। একই সঙ্গে তিনি পোশাক শিল্প, আধুনিক কৃষি, পর্যটন, প্রবাসী আয়, প্রযুক্তি ও ওষুধ শিল্পসহ বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভায় মূল প্রবন্ধে ড. মুহাম্মদ রহিম উদ্দিন ১৯৪৭ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেন। তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের পরিবর্তনের চিত্র তুলে ধরেন। তিনি শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিনিয়োগ, প্রযুক্তিনির্ভর অর্থনীতি, কৃষিতে আধুনিক প্রযুক্তি ও ড্রোন ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, দেশজ উৎপাদনে স্বনির্ভরতা এবং রপ্তানিমুখী শিল্পে পৃষ্ঠপোষকতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত সমাজ ও সৎ নেতৃত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, “সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করতে পারলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রে সম্ভাবনার বাংলাদেশ গড়া সম্ভব।” তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয় এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। প্রশাসনিক ভবনসহ সকল আবাসিক হলে আলোকসজ্জা করা হয়। দিবসটির কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টা ০০ মিনিটে একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দৌড় (১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার), চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, উচ্চ লাফ, লং জাম্প, দাবা, লুডু, ক্যারম ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রক্টর, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.)সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited