চট্টগ্রাম   মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৪৮ বছরে বিএনপি: জিয়ার আদর্শ থেকে ‘সবার আগে বাংলাদেশ’-এর প্রত্যয়ে

জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের দীর্ঘ পথচলা পেরিয়ে রাষ্ট্র পরিচালনার নতুন অধ্যায়

আমাদের ডেস্ক :    |    ০৭:৫৬ পিএম, ২০২৬-০৮-৩১

৪৮ বছরে বিএনপি: জিয়ার আদর্শ থেকে ‘সবার আগে বাংলাদেশ’-এর প্রত্যয়ে

কাজী সরোয়ার খান মনজু 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি আজ ৪৮ বছরে পদার্পণ করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ চার দশকেরও বেশি সময় পরও বাংলাদেশের রাজনীতিতে সেই দলের প্রভাব, জনসম্পৃক্ততা ও ঐতিহাসিক উপস্থিতি অস্বীকার করার উপায় নেই।
বিএনপির জন্ম হয়েছিল বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, আইনশৃঙ্খলা ও রাজনৈতিক ব্যবস্থায় নানা সংকট ও অস্থিরতা দেখা দেয়। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের রাজনৈতিক বাস্তবতাও দ্রুত বদলে যায়। সেই প্রেক্ষাপটে জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক স্বনির্ভরতা, জাতীয় ঐক্য ও জনগণের রাজনৈতিক অংশগ্রহণকে সামনে রেখে জিয়াউর রহমান একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নির্মাণের উদ্যোগ নেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক মত, পথ ও পেশার মানুষের সমন্বয়ে গড়ে ওঠা বিএনপি অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

জিয়াউর রহমান: সৈনিক থেকে রাষ্ট্রনায়ক:
জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের সূচনা রাজনীতিবিদ হিসেবে নয়, একজন সৈনিক হিসেবে। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান রণাঙ্গনে তাঁর সামরিক ভূমিকা তাঁকে একজন সাহসী ও দক্ষ সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত করে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা তাঁর জীবনের অন্যতম আলোচিত অধ্যায়। সংকটময় মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা তাঁর কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে প্রতিফলিত হয়েছে।
পরবর্তীতে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচিতে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, কৃষি ও উৎপাদন বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা, কর্মসংস্থান, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি করলেও তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি থেমে থাকেনি।

বাংলাদেশী জাতীয়তাবাদ: বিএনপির রাজনৈতিক দর্শনের ভিত্তি:
বিএনপির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কেন্দ্র করে একটি স্বতন্ত্র জাতীয় পরিচয়ের ধারণা এই রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি।
জিয়াউর রহমানের রাজনৈতিক চিন্তায় জাতীয় ঐক্য ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। দল-মত-পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের জনগণকে অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ছিল তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম বৈশিষ্ট্য।
বিএনপির ঘোষণাপত্রেও গণতন্ত্র, জাতীয় ঐক্য, অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা এবং জনগণের রাজনৈতিক অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বহুদলীয় গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা:
বিএনপির প্রতিষ্ঠার পর ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলটি উল্লেখযোগ্য বিজয় অর্জন করে সরকার গঠন করে। রাষ্ট্র পরিচালনায় এসে কৃষি, শিল্প, গ্রামীণ উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান ও বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগ ও বেসরকারি খাতকে অধিকতর সক্রিয় করার নীতি গ্রহণ করা হয়। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছিল।

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের আন্দোলন:
জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা করেন তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্ব বিএনপিকে দেশের অন্যতম প্রধান গণতান্ত্রিক আন্দোলনের শক্তিতে পরিণত করে।
১৯৯০ সালের গণআন্দোলনের মুখে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সর্বাধিক আসনে জয়লাভ করে সরকার গঠন করে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সরকারের সময় সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
পরবর্তীতে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট বড় বিজয় অর্জন করে এবং বেগম খালেদা জিয়া আবারও সরকার গঠন করেন।

চার দশক পেরিয়ে বিএনপি:
প্রতিষ্ঠার পর থেকে বিএনপি যেমন একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তেমনি দীর্ঘ সময় বিরোধী দল হিসেবেও রাজপথে আন্দোলন করেছে। দলটির রাজনৈতিক ইতিহাসে যেমন সাফল্যের অধ্যায় রয়েছে, তেমনি রয়েছে বিতর্ক, সমালোচনা ও কঠিন সময়ের অভিজ্ঞতা।
তবে একটি রাজনৈতিক দলের মূল্যায়ন কেবল ক্ষমতায় থাকা কিংবা নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব দিয়ে শেষ করা যায় না। জনগণের সঙ্গে দলের সম্পর্ক, রাষ্ট্র ও সমাজ সম্পর্কে তার দর্শন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সম্পর্কে তার অবস্থান এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে তার প্রভাবও মূল্যায়নের গুরুত্বপূর্ণ বিষয়।

‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ থেকে ‘সবার আগে বাংলাদেশ’:
বিএনপির রাজনৈতিক ইতিহাস ও চেতনার সঙ্গে দীর্ঘদিন ধরে উচ্চারিত হয়ে আসছে—“প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ।” এই উচ্চারণের মধ্য দিয়ে দেশের প্রতি গভীর ভালোবাসা, জাতীয় স্বার্থ ও বাংলাদেশের সার্বভৌম সত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় প্রকাশ পায়।
সময় বদলেছে, রাজনৈতিক বাস্তবতা বদলেছে, বদলেছে নতুন প্রজন্মের প্রত্যাশাও। সেই পরিবর্তিত বাস্তবতায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উচ্চারিত “সবার আগে বাংলাদেশ” শ্লোগান জাতীয়তাবাদী রাজনীতিকে নতুন প্রেক্ষাপটে নতুন প্রত্যয়ে সামনে নিয়ে এসেছে।
“সবার আগে বাংলাদেশ”—এই শ্লোগানের রাজনৈতিক তাৎপর্য হলো দল, ব্যক্তি কিংবা গোষ্ঠীর ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া। অর্থাৎ রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, জনগণের অধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং জাতীয় মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও প্রতিকূলতার অধ্যায় পেরিয়ে তারেক রহমানের বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্র থেকে জনতার কাতারে এসে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও অধিকারকে অগ্রাধিকার দেওয়ার যে প্রত্যয় সামনে এসেছে, তার বাস্তব প্রতিফলনই হবে আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষা।

পঞ্চমবারের মতো রাষ্ট্রক্ষমতায় বিএনপি:
বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাসে আজ যুক্ত হয়েছে নতুন একটি অধ্যায়। জনগণের ভোটে বিএনপি পঞ্চমবারের মতো রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে সরকার পরিচালনা করছেন।
এই প্রত্যাবর্তন বিএনপির জন্য যেমন রাজনৈতিক অর্জন, তেমনি এটি বড় দায়িত্ব ও জবাবদিহিতারও বিষয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত এই দায়িত্ব জনগণের কল্যাণে কতটা কার্যকরভাবে কাজে লাগানো যায়—তার ওপরই নির্ভর করবে এই নতুন অধ্যায়ের সফলতা।
পঞ্চমবারের রাষ্ট্রক্ষমতায় এসে বিএনপির সামনে তাই শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্ন নয়; বরং একটি কার্যকর, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চ্যালেঞ্জও রয়েছে।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যাশা:
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রতিষ্ঠাকালীন অঙ্গীকারকে সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণ করা।
গণতন্ত্র, আইনের শাসন, মানবিক মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা, জনগণের ভোটাধিকার, জাতীয় স্বার্থ, অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক ন্যায়বিচার—এসব মূল্যবোধ বাস্তব রাজনীতিতে কতটা কার্যকরভাবে প্রতিষ্ঠা করা যায়, তার ওপরই নির্ভর করবে ভবিষ্যতের বিএনপির গ্রহণযোগ্যতা।
বাংলাদেশের জনগণ আজ শুধু রাজনৈতিক স্লোগান নয়—একটি নিরাপদ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ রাষ্ট্র প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে বিএনপিকে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আত্মসমালোচনা, রাজনৈতিক সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের প্রতি দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি আজ ৪৮ বছরে। নেতৃত্ব বদলেছে, রাজনৈতিক বাস্তবতা বদলেছে, রাষ্ট্র ও সমাজের চাহিদাও বদলেছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ঐতিহাসিক উপস্থিতি এখনো দৃশ্যমান।
আজ সেই ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে নতুন বাস্তবতা-বিএনপি পঞ্চমবারের মতো রাষ্ট্রক্ষমতায়, আর দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী। অতীতের আদর্শ, বর্তমানের দায়িত্ব এবং ভবিষ্যতের স্বপ্ন—এই তিনের সমন্বয়েই এখন নির্মিত হতে পারে বিএনপির নতুন রাজনৈতিক অধ্যায়।
তাই ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যাশা একটাই—জিয়ার আদর্শের জাতীয়তাবাদ, খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের চেতনা এবং তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” প্রত্যয়কে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে উঠুক।
“প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ”—এর ঐতিহাসিক চেতনা থেকে “সবার আগে বাংলাদেশ”—এর নতুন অঙ্গীকার; ৪৮ বছরের বিএনপি এখন ইতিহাসের উত্তরাধিকার নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের দায়িত্বে।
৪৮ বছরে বিএনপি— ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে পঞ্চমবার রাষ্ট্রক্ষমতায়; নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন অঙ্গীকারের সময়।
লেখক : সাবেক দপ্তর সম্পাদক, জাসাস, চট্টগ্রাম উত্তর জেলা।

রিটেলেড নিউজ

ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত


৫৪ বছর খতিবের দায়িত্ব শেষে বিরল সম্মাননায় মাওলানা জমির উদ্দিনের বিদায়

৫৪ বছর খতিবের দায়িত্ব শেষে বিরল সম্মাননায় মাওলানা জমির উদ্দিনের বিদায়

রাউজান প্রতিনিধি : : রাউজানের মঙ্গলখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে সুদীর্ঘ ৫৪ বছর গ্রামের আপামর জনতার শ্রদ্ধ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


ব্যাংক পুনর্গঠন হোক, আমানতকারীর জীবন থামিয়ে নয়

ব্যাংক পুনর্গঠন হোক, আমানতকারীর জীবন থামিয়ে নয়

আবদুল্লাহ মজুমদার : : ব্যাংকে টাকা আছে, কিন্তু প্রয়োজনের সময় সেই টাকা ব্যবহার করা যাচ্ছে না—এর চেয়ে বড় আর্থিক অনিশ্চয়ত...বিস্তারিত


অস্ত্রোপচারের পর সংকটাপন্ন সাংবাদিক আহমদ আলী, ঢাকায় দ্বিতীয় দফা অস্ত্রোপচার

অস্ত্রোপচারের পর সংকটাপন্ন সাংবাদিক আহমদ আলী, ঢাকায় দ্বিতীয় দফা অস্ত্রোপচার

আবদুল্লাহ মজুমদার : : ভুল চিকিৎসার অভিযোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সাংবাদিক আহমদ আলী চৌধুরী। চট্টগ্রামের একটি বেসরকা...বিস্তারিত


শিক্ষকতার আড়ালে ভূমি জালিয়াতি: অর্ধশত সম্পত্তির মালিক জামালুদ্দিন

শিক্ষকতার আড়ালে ভূমি জালিয়াতি: অর্ধশত সম্পত্তির মালিক জামালুদ্দিন

আমাদের ডেস্ক : : চট্টগ্রাম সরকারি নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামালুদ্দিনের বিরুদ্ধে শিক্ষক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর