শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৪:১৪ পিএম, ২০২৬-১১-১১
পাহাড়ের দুর্গম জনপদে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন আশার দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙামাটি জেনারেল হাসপাতাল। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার কারণে কোমর ও নিতম্বের সংযোগস্থলে সৃষ্ট গভীর ও জটিল ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪২ বছর বয়সী বিতারন দেওয়ানের পাঁচ ঘণ্টার জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। আধুনিক চিকিৎসাপদ্ধতি ফ্ল্যাপ সার্জারির মাধ্যমে সম্পন্ন হওয়া এ অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন তিনি। দুর্গম পাহাড়ি এলাকার একজন রোগীকে চট্টগ্রাম কিংবা ঢাকায় স্থানান্তর না করেই রাঙামাটিতে এমন জটিল অস্ত্রোপচার সম্পন্ন হওয়াকে স্থানীয় চিকিৎসাসেবার সক্ষমতার ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিতারন দেওয়ানের বাড়ি রাঙামাটির বরকল উপজেলার দুর্গম জগন্নাথছড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডে। বিভিন্ন শারীরিক জটিলতায় দীর্ঘদিন একটানা বিছানায় শুয়ে থাকতে হয়েছিল তাঁকে। এতে কোমর ও নিতম্বের সংযোগস্থলে স্যাক্রাম হাড়ের ওপর দীর্ঘসময় চাপ পড়ায় ওই স্থানে রক্ত চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে সেখানে গভীর পচনশীল ক্ষতের সৃষ্টি হয়। চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের ক্ষতকে প্রেসার আলসার বা বেডসোর বলা হয়।
গত ৩ জুন ২০২৬ তারিখে তাঁকে রাঙামাটি জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের পর চিকিৎসকরা ক্ষতটির জটিলতা বিবেচনায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। রোগীর শারীরিক অবস্থা, আর্থিক সামর্থ্য এবং দুর্গম এলাকা থেকে অন্যত্র স্থানান্তরের বাস্তবতা বিবেচনায় রাঙামাটি জেনারেল হাসপাতালেই প্রয়োজনীয় অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়।
গতকাল পাঁচ ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। অস্ত্রোপচারে নেতৃত্ব দেন হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডা. শাহ কামাল। তাঁর সঙ্গে ছিলেন ডা. সুবীর, ডা. সাদিয়া এবং অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ ডা. সাগর নন্দীসহ সার্জারি বিভাগের দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল।
অস্ত্রোপচারে ক্ষতস্থানের আশপাশের সুস্থ চামড়া, চর্বি ও পেশির অংশবিশেষ বিশেষ কৌশলে স্থানান্তর করে ক্ষতস্থান ঢেকে দেওয়া হয়। চিকিৎসাবিজ্ঞানে এ পদ্ধতিকে ফ্ল্যাপ সার্জারি বলা হয়। এর মাধ্যমে গভীর ক্ষতস্থানে নতুন টিস্যুর আবরণ তৈরি করে উন্মুক্ত হাড়কে সুরক্ষা দেওয়া সম্ভব হয়। পাশাপাশি ক্ষত নিরাময় এবং ভবিষ্যতে একই স্থানে পুনরায় ক্ষত তৈরির ঝুঁকি কমানোর সুযোগ সৃষ্টি হয়।
অস্ত্রোপচার সফল হওয়ায় রোগীর স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চিকিৎসকদের আশা, প্রয়োজনীয় পরিচর্যা, নিয়মিত পর্যবেক্ষণ ও পরবর্তী চিকিৎসা যথাযথভাবে চললে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বিতারন দেওয়ান।
এ সফল অস্ত্রোপচারে সন্তোষ প্রকাশ করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খান। তাঁরা অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জেলার মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।
রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, "সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও দক্ষতা, সমন্বয় ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পাহাড়ের মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি আমরা। রাঙামাটিবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের পাশাপাশি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছি।"
উল্লেখ্য, পাহাড়ের দুর্গম জনপদে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। জটিল রোগের চিকিৎসার জন্য অনেককেই চট্টগ্রাম কিংবা ঢাকায় যেতে হয়। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি রোগী ও স্বজনদের পোহাতে হয় নানা দুর্ভোগ। এমন বাস্তবতায় রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঁচ ঘণ্টার জটিল ফ্ল্যাপ সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়া স্থানীয় স্বাস্থ্যসেবার সক্ষমতা ও চিকিৎসকদের পেশাগত দক্ষতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। এটি পাহাড়ের মানুষের মধ্যে নিজ জেলাতেই উন্নত চিকিৎসাসেবা পাওয়ার নতুন প্রত্যাশা তৈরি করেছে।
আমাদের ডেস্ক : : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সমà§...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ পাঁচজনকে আটক কà...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় নিরুপন চাকমা নামে এক যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের দক্ষিণ বুড়িশ্চর এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের লà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাতের আঁধারে রাঙামাটি শহরের জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited