শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৮:১৪ পিএম, ২০২৬-০৯-০৮
আনোয়ারা থানার চাতরী চৌমুহনী বাজারের হাজি এ আলী শপিং কমপ্লেক্স দখলের চেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন।
তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চাতরী এলাকার হাজি এ আলী শপিং কমপ্লেক্সের নিচতলা ও দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে।
মামলার বাদী মোহাম্মদ আবদুল হামিদ সুমন ওই মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী। মামলার আসামিরা হলেন, জাকির আহমদ, মো. রুবেল, মো. দিদার, মো. রফিক আহমদ, মো. ইব্রাহীম, নয়ন, ফরহাদ হোসেন, হেলাল ও মো. জুয়েল।
এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ১ নম্বর আসামি জাকির আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
তিনি জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলালের অনুসারী হিসেবে পরিচিত।
এজাহারে বলা হয়, দোকান মালিকদের সঙ্গে ভূমির মালিক ও ডেভেলপারের বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। দোকান মালিকদের করা একটি বাণিজ্যিক মামলায় আদালত ২০২৫ সালের ১১ নভেম্বর বিতর্কিত একটি রোয়েদাদের কার্যক্রম স্থগিত করেন। ওই স্থগিতাদেশ এখনো বহাল রয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, গত কিছুদিন ধরে আসামিরা তাঁদের মার্কেট থেকে উচ্ছেদের জন্য হুমকি দিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর বিকেলে ১ নম্বর আসামি জাকিরের নেতৃত্বে ৩০-৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে মার্কেটে প্রবেশ করে। তারা মার্কেটের চলাচলের পথে টিনের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন। ব্যবসায়ীরা ওই বেড়া সরিয়ে বের হওয়ার চেষ্টা করলে আসামিরা কিরিচ, রামদা, লোহার রড, হকিস্টিক ও কাঠের বাটাম নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
বাদী আবদুল হামিদ সুমনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। পরে রামদার আঘাতে তাঁর বাম হাতের তর্জনীতে গুরুতর জখম হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আবদুর রহিম, ইকবাল কবিরসহ আরও কয়েকজন ব্যবসায়ী হামলায় গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে ১ নম্বর আসামি জাকিরের বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা ইজারা নেওয়ার সুযোগে শতাধিক স্থায়ী স্থাপনা নির্মাণ করে দোকানপ্রতি ৩ থেকে ৫ লাখ টাকা করে নেওয়ার অভিযোগও উঠেছে।
অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসন সওজের জায়গা কাঁচাবাজার হিসেবে ইজারা দিলেও ওই জায়গায় স্থায়ী দোকান নির্মাণ করে তা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে। অভিযোগের বিষয়ে মামলার জাকির আহমদ জানান, আমি সেখানে যাইনি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
মারামারির সময়ের সিসিটিভি ফুটেজে তাঁকে দেখা যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, আমি কিছু জানি না। আপনি তদন্ত করে দেখেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা আসামি রয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
চাতরী চৌমুহনী বাজারের জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। জায়গাটি কাঁচাবাজার হিসেবে ইজারা দেওয়া হলেও সেখানে অবৈধভাবে দোকান নির্মাণ এবং কেইপিজেড, সিইউএফএল ও কাফকোর মতো গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানের হাজার হাজার শ্রমিকের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক দখলের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইজারা দেওয়ার পর বাজারে অবৈধ দোকান নির্মাণ ও গুরুত্বপূর্ণ সড়ক দখলের বিষয়ে উপজেলা প্রশাসনের কার্যকর তদারকি নেই।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, সিইউএফএল জায়গাটি আমাদের নামে গেজেট করে দিয়েছে। সড়কটি অবৈধ দখলমুক্ত করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। পরে সড়কটি নতুন করে নির্মাণ করা হয়েছে। এখন শুধু কাঁচাবাজার নয়, পুরো সড়কই দখল করে নেওয়া হয়েছে।
তিনি বলেন, উপজেলা প্রশাসন কীভাবে আমাদের জায়গা ইজারা দিয়েছে, সেটি আমারও প্রশ্ন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। এখানে স্থায়ী দোকান নির্মাণ করা যাবে না।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited