শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪২ পিএম, ২০২৬-০৭-৩১
আদালতে বিচারাধীন মামলার তথ্য ও আপিল বিভাগের স্থগিতাদেশ গোপন করে একই বিষয়ে আবারও রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে এই অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। পরে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে জরিমানার অর্থ আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসায় ব্যয় করা হবে।
বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ জিপিএইচ ইস্পাতের আবেদন খারিজ করে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি গণমাধ্যমকে আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
অ্যাটর্নি জেনারেল জানান, বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) প্রতিবেদনে ঋণখেলাপি হিসেবে জিপিএইচ ইস্পাতের নাম রয়েছে। সিআইবি প্রতিবেদনে প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত না রাখার নির্দেশনা চেয়ে তারা একটি রিট আবেদন করেছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই হাইকোর্ট রুল জারি করে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।
তিনি বলেন, রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে গত ৯ জুলাই হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করা হয়। এর ফলে সিআইবি প্রতিবেদনে জিপিএইচ ইস্পাতের নাম না রাখার নির্দেশনা কার্যকর থাকেনি।
মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, একই বিষয়ে হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় জিপিএইচ ইস্পাত নিম্ন আদালতে একটি টাইটেল মামলা করে। সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলেও আবেদনে হাইকোর্টে চলমান মামলার বিষয়টি উল্লেখ করা হয়নি। এমনকি আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন, সেই তথ্যও গোপন রাখা হয়।
অ্যাটর্নি জেনারেল জানান, ২৯টি ব্যাংকের কাছে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার ঋণখেলাপি হিসেবে প্রতিষ্ঠানের নাম প্রদর্শন না করার জন্য তারা নিষেধাজ্ঞা চেয়েছিল। তবে নিম্ন আদালত সেই আবেদন নাকচ করে দেন। পরে একই ধরনের আবেদন নিয়ে তারা হাইকোর্টের আরেকটি বেঞ্চে যান। বিষয়টি রাষ্ট্রপক্ষের নজরে এলে আদালতে পুরো ঘটনার বিবরণ তুলে ধরা হয়।
তিনি বলেন, নিম্ন আদালতের আরজিতে যেমন সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার তথ্য গোপন করা হয়েছে, তেমনি হাইকোর্টেও আগের মামলার তথ্য উল্লেখ করা হয়নি। আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা আদালতের সঙ্গে প্রতারণার শামিল। শুনানিতে বাদীপক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে জানান, আগের মামলার বিষয়ে তারা অবগত ছিলেন না।
সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট আবেদন খারিজ করে জিপিএইচ ইস্পাতকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা জরিমানা পরিশোধের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, এই অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পৃথক খাতে সংরক্ষণ করা হবে এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসায় ব্যয় করা হবে।
এ বিষয়ে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুলের মন্তব্য চাওয়া হলেও তিনি বিষয়টি নিয়ে নিরুত্তর থাকেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited