শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:৩১ পিএম, ২০২৫-১২-০৬
আঁকাবাঁকা পাহাড়ি পথের একদিকে কাপ্তাই হ্রদের নীল আভা, অন্যদিকে পাহাড়ের সবুজ। দেখতে যতটা মনোরম, চলাচল ততটা নয়। উঁচু–নিচু রাস্তার কারণে ঠিকমতো হাঁটতেও পারেন না অনেকেই। তবে সেই চ্যালেঞ্জের মধ্যেই পাহাড়ি রাস্তায় ২৪ কিলোমিটার দৌড়ালেন ২৫০ দৌড়বিদ।
আজ শনিবার সকাল আটটায় জেলার কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এ ম্যারাথন শুরু হয়। শেষ হয় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে গিয়ে। জেলা পৌরসভা সূত্র জানায়, পাহাড়ে এবারই প্রথম এত দীর্ঘ দূরত্বে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এতে ২৫০ দৌড়বিদ অংশ নেন। এর মধ্যে বয়স ও লিঙ্গভেদে ১৩ জনকে পুরস্কার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়। এ ছাড়া ম্যারাথন শেষ করা দৌড়বিদদের সনদ ও মেডেল দেওয়া হয়।
দীর্ঘ এ উঁচু–নিচু, আঁকাবাঁকা রাস্তা জয় করেছেন নারীরাও। নারীদের মধ্যে এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ফরিদা আক্তার। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সবকিছু মিলিয়ে ম্যারাথন ভালো লেগেছে। রাস্তাটি অনেক চ্যালেঞ্জিং ছিল। হুট করে পাহাড়ে এসে এ রকম দৌড়ানো কঠিন, কিন্তু চারদিকে পানি, মাঝখানে রাস্তা, দেখতেও ভালো লেগেছে।’
নারীদের মধ্যে দ্বিতীয় হয়েছেন কাউখালী উপজেলার শিক্ষার্থী হলানুচিং মারমা। তিনি বলেন, ‘এই প্রথম ম্যারাথনে যোগ দিলাম। দ্বিতীয় হতে পেরে খুব খুশি।’ এ বিভাগে তৃতীয় থেকে পঞ্চম হয়েছেন হলানুচিং মারমা, পাইনুমা মারমা, মাথুইচিং মারমা ও সুইটি আক্তার।
অন্য বিভাগে বিজয়ী যাঁরা
প্রতিযোগিতাটিতে নারী বিভাগ ছাড়াও পুরুষ ও চল্লিশোর্ধ্ব—এ দুই বিভাগে সেরাদের পুরস্কার দেওয়া হয়েছে। পুরুষ বিভাগে প্রথম হওয়া ব্যক্তির নাম আশরাফুল আলম। এ ছাড়া পারভেজ পলাশ দ্বিতীয়, মো. জাকির হোসেন তৃতীয়, হানিফ হোসাইন চতুর্থ ও মো. আবদুল্লাহ আল নোমান পঞ্চম হয়েছেন।
এ ছাড়া চল্লিশোর্ধ্ব বিভাগে প্রথম খোন্দকার শওকত ওসমান, দ্বিতীয় আবু মোহাম্মদ জুলফিকার ও তৃতীয় হয়েছেন মো. শাহেদ শেখ।
ম্যারাথনের পর পৌরসভা প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. মোবারক হোসেন। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত পিএসসি ও সিভিল সার্জন নুয়েন খীসা।
পৌর প্রশাসক মো. মোবারক হোসেন বলেন, রাঙামাটি ‘ক’ শ্রেণির পৌরসভা হলেও নাগরিকেরা এখনো সেই মানের সেবা পান না। এ সেবা নিশ্চিত করে তিনি কাজ করছেন। কাপ্তাই হ্রদ দূষণমুক্ত রাখতে আগামী দিনে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হবে।
অনুষ্ঠানে সিভিল সার্জন নুয়েন খীসা ম্যারাথনের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ম্যারাথন দৌড়ের ইতিহাস শুরু হয় খ্রিষ্টপূর্ব ৪৯০ অব্দে। এই কিংবদন্তি ঘটনাকে স্মরণ করে ১৮৯৬ সালের অলিম্পিকে প্রথম ম্যারাথনের আয়োজন করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited