শিরোনাম
আবদুল্লাহ মজুমদার : | ০৫:২৯ পিএম, ২০২৬-১১-২৩
শিক্ষাবর্ষের শেষদিকে বার্ষিক পরীক্ষার আগে শিশুদের মধ্যে শুরু হয় ক্লাসপার্টির আনন্দ-উত্তেজনা। সহপাঠীদের সঙ্গে খাওয়া-দাওয়া, ছবি তোলা, আনন্দ ভাগাভাগি আর স্মৃতি তৈরির আয়োজন—সব মিলিয়ে এটি শৈশবের সুন্দর একটি অধ্যায়। কিন্তু সেই আনন্দে অংশ নিতে যদি নির্ধারিত অঙ্কের টাকা দিতে হয়, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক—এটি কি শিশুদের আনন্দ আয়োজন, নাকি অর্থ সংগ্রহের উপলক্ষ? চট্টগ্রাম নগরীর বিভিন্ন কিন্ডারগার্টেন, বেসরকারি ও সিটি করপোরেশন পরিচালিত বিদ্যালয়ে ক্লাসপার্টির নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ চাওয়ার অভিযোগ উঠেছে। কোথাও বিদ্যালয় কর্তৃপক্ষ অর্থের পরিমাণ নির্ধারণ করছে, আবার কোথাও অভিভাবকদের সম্মতি ও মতামত ছাড়াই অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। শিশুদের আনন্দের নামে এমন আর্থিক চাপ কতটা যৌক্তিক?
অভিভাবকদের দেওয়া তথ্য অনুযায়ী, হযরত শাহ আমানত ইনস্টিটিউটের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ইকরা, চাকতাই শিশু শিক্ষা নিকেতনের প্রথম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রাহাদ এবং জুলেখা আমিনুর রহমান সিটি করপোরেশন বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী লামিসা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারিহা উলফাতের কাছ থেকেও ক্লাসপার্টির জন্য অর্থ চাওয়া হয়েছে। অন্য একটি সিটি করপোরেশন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হিমুকে ঘিরেও একই ধরনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ, শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ চাওয়া হলেও অভিভাবকদের কাছে সব ক্ষেত্রে লিখিত নোটিশ দেওয়া হচ্ছে না। অর্থের পরিমাণ কে নির্ধারণ করছে, কীসের ভিত্তিতে নির্ধারণ করছে এবং অভিভাবকদের সম্মতি নেওয়া হচ্ছে কি না—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর প্রয়োজন।
চট্টগ্রামের পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট স্কলাস্টিকা এবং চেরাগী মোড়, জামালখানের সেন্ট জো’সেফ টিউটরিয়ালকেও ঘিরে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। ক্লাসপার্টি আয়োজনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ চাওয়ার বিষয়টি সামনে এসেছে এসব প্রতিষ্ঠানেও। ফলে বিষয়টি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে একই প্রবণতা তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বক্তব্যও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
ক্লাসপার্টি আয়োজনের বিরোধিতা করার সুযোগ নেই। বরং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে পারে। আপত্তি আয়োজনের নামে অর্থ নির্ধারণ এবং তা প্রদানে প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ সৃষ্টি করার বিরুদ্ধে। স্বেচ্ছা সহযোগিতা আর বাধ্যতামূলক অর্থ সংগ্রহ এক বিষয় নয়। অভিভাবকের সম্মতি ছাড়া অর্থ চাওয়া হলে কিংবা টাকা না দিলে কোনো শিক্ষার্থীকে অংশগ্রহণে নিরুৎসাহিত করা হলে তা শিশুর সমান অধিকার ও মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়ায়।
প্রশ্ন হলো, ক্লাসপার্টির ব্যয় নির্ধারণ করছে কারা? খাবার, সাজসজ্জা, উপহার ও সাংস্কৃতিক আয়োজনের জন্য কত টাকা প্রয়োজন, তার হিসাব কি অভিভাবকদের জানানো হচ্ছে? অর্থ সংগ্রহ ও ব্যয়ের হিসাব সংরক্ষণের দায়িত্ব কার? আয়োজন শেষে আয়-ব্যয়ের বিবরণ প্রকাশ করা হবে কি? এসব বিষয়ে স্বচ্ছতা না থাকলে অর্থ সংগ্রহ নিয়ে সংশয় তৈরি হওয়াই স্বাভাবিক।
সবচেয়ে উদ্বেগের বিষয়, অর্থের চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়ে শিশুদের পরিবারের ওপর। সহপাঠীরা ক্লাসপার্টিতে অংশ নেবে, অথচ সে পারবে না—এমন আশঙ্কায় অনেক শিশু বাবা-মায়ের কাছে বারবার টাকা চায়। কখনো আবদার, কখনো কান্না, আবার কখনো মানসিক চাপের মাধ্যমে সন্তানরা অভিভাবকদের অর্থ দিতে বাধ্য করার পরিস্থিতি তৈরি করে। অথচ সব পরিবারের আর্থিক সামর্থ্য এক নয়। মাসের বাজার, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানের নিয়মিত শিক্ষাব্যয় সামলানোর পর বাড়তি অর্থ জোগাড় করা অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য কঠিন। সন্তানের আনন্দের কথা ভেবে তাঁদের সংসারের হিসাব বদলাতে হয়। প্রশ্ন হলো, শিশুদের আনন্দের আয়োজন কেন অভিভাবকদের আর্থিক দুশ্চিন্তার কারণ হবে?
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, অর্থ দিতে না পারলে কোনো শিক্ষার্থীকে কি ক্লাসপার্টিতে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে? তাকে কি সহপাঠীদের সামনে বিব্রত হতে হবে? আর্থিক সামর্থ্যের ভিত্তিতে শিশুদের মধ্যে বিভাজন তৈরি হলে শিক্ষাপ্রতিষ্ঠানের মানবিক ও নৈতিক শিক্ষাই প্রশ্নবিদ্ধ হয়। একটি শিশু তার পরিবারের আর্থিক অবস্থার কারণে কেন সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার অধিকার হারাবে?
কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ে অভিভাবকদের নিয়মিত বেতন, ভর্তি, পুনর্ভর্তি, পরীক্ষা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বহন করতে হয়। এর সঙ্গে ক্লাসপার্টির জন্য অতিরিক্ত অর্থ নির্ধারণ করলে শিক্ষাব্যয় আরও বাড়ে। সিটি করপোরেশন পরিচালিত বিদ্যালয়ের ক্ষেত্রেও এমন বাড়তি অর্থ সংগ্রহের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, শিশুদের আনন্দের নামে অভিভাবকদের আর্থিক দায় বাড়ানো নয়।
ক্লাসপার্টির জন্য অর্থের প্রয়োজন হলে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে আয়োজনের ধরন ও ব্যয় নির্ধারণ করা যেতে পারে। সহযোগিতা হবে সম্পূর্ণ স্বেচ্ছায়। কেউ অর্থ দিতে না পারলেও তাঁর সন্তান যেন সমানভাবে অংশ নিতে পারে, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে কিংবা স্বল্প ব্যয়ে আয়োজন করা সম্ভব। আনন্দের জন্য ব্যয়বহুল আয়োজনের প্রয়োজন নেই।
এ ক্ষেত্রে শিক্ষা প্রশাসনেরও নজর দেওয়া জরুরি। বিভিন্ন উপলক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কী নীতি অনুসরণ করছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। অভিভাবকদের সম্মতি ছাড়া অর্থ সংগ্রহের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তদন্ত করা। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, প্রধান শিক্ষক কিংবা আয়োজক শিক্ষকের সিদ্ধান্ত—যে পর্যায় থেকেই উদ্যোগ আসুক, তার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
শিশুদের শৈশব কোনো অর্থের অঙ্কে মাপা যায় না। একটি কেক, কিছু খাবার কিংবা সাজানো শ্রেণিকক্ষের চেয়ে অনেক বড় হলো সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার অধিকার। যে আয়োজনের জন্য কোনো শিশুকে বাবার কাছে বারবার টাকা চাইতে হয়, কোনো মাকে সংসারের হিসাব বদলাতে হয়, কিংবা কোনো শিক্ষার্থীকে অর্থের অভাবে সহপাঠীদের কাছ থেকে দূরে থাকতে হয়, সেই আয়োজনের সার্থকতা কোথায়? শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনে রাখতে হবে, ক্লাসপার্টি শিশুদের আনন্দের জন্য, অর্থ সংগ্রহের জন্য নয়। শৈশবের আনন্দকে অর্থের হিসাবের কাছে জিম্মি করা বন্ধ হোক। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়—ক্লাসপার্টি, নাকি অর্থ আদায়ের উৎসব?
লেখক: সাহিত্য ও মফস্বল সম্পাদক, দৈনিক আমদের চট্টগ্রাম।
খবর বিজ্ঞপ্তি : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬ এ ইসলামী ব্যাংক বা...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক à...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি'র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘à¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ সমস্যা মোকাবিলায় বিভিন্ন পেশা ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি দীর্ঘমেয়াদি ব্যথা ব্যবস্থাপনায় ক্লিনিক্যাল প্রয়োগ ও গবেষণà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited