শিরোনাম
মো.আরফান উদ্দীন | ০৬:১৭ পিএম, ২০২৬-১১-১৫
সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে পিচ, কোথাও আবার সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ। এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গর্ত এড়িয়ে চলতে গিয়ে একদিকে যেমন যানবাহনের গতি কমছে, অন্যদিকে হঠাৎ লেন পরিবর্তনের কারণে তৈরি হচ্ছে মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি।
এর মধ্যে সরু সড়কে বেড়েছে যানবাহনের চাপ। সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও লোকাল বাসের পাশাপাশি এই পথে চলাচল করছে দূরপাল্লার বাস, ডাম্পার, ট্রাকসহ ভারী যানবাহন।
ফলে আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া-কক্সবাজার আঞ্চলিক সড়কে গাড়ি চালানো এখন চালকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
দক্ষিণ চট্টগ্রাম ও উপকূলীয় অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান এই সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত।
যানবাহনের চাপ বাড়লেও সড়কের প্রশস্ততা সেই অনুপাতে বাড়েনি। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।
গর্তে পড়ে নষ্ট হচ্ছে গাড়ি
সড়ক ঘুরে দেখা যায়, কোথাও ছোট ছোট অসংখ্য গর্ত, আবার কোথাও বড় গর্তের কারণে যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। বৃষ্টির পর অনেক গর্তে পানি জমে যাওয়ায় সেগুলোর গভীরতা বোঝাও কঠিন।
চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে এ সড়ক দিয়ে নিয়মিত বদরখালী যাতায়াত করেন জসিম উদ্দিন নামের এক সিএনজি অটোরিকশা চালক। তিনি বলেন, দৈনিক দুই থেকে তিনবার এ সড়কে যাতায়াত আমাদের। চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে আনোয়ারা-বাঁশখালী হয়ে বদরখালীতে বাড়ায় গাড়ি চালায় আমরা প্রায় তিনশ এর বেশি সিএনজি। বর্ষা মৌসুমে বাঁশখালী সড়কের যা তা অবস্থা। ভাঙা সড়কে গাড়ি চালাতে গিয়ে মাসে দু এক বার গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পাল্টাতে হচ্ছে। এ ক্ষতিগ্রস্ত সড়ক দেখার জন্য কেউ নেই।
এ সড়ক দিয়ে মগনামা ঘাটে যায় এস আলম বাস সার্ভিস। ভাঙা সড়কে গাড়ি চালাতে গিয়ে বেশিরভাগ গাড়ির বডির লক্কর ঝক্কর অবস্থা।
চালকরা বলেন, সামনে হঠাৎ গর্ত পড়লে সেটি এড়াতে গিয়ে গাড়ি অন্য লেনে নিতে হয়। বিপরীত দিক থেকে তখন কোনো বাস, ট্রাক বা ডাম্পার এলে দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়ে।
দ্রুতগতির বাস, আতঙ্কে যাত্রীরা
এই সড়কে স্থানীয় যানবাহনের পাশাপাশি নিয়মিত চলাচল করে দূরপাল্লার বাস। সরু সড়কে দ্রুতগতির বাস ও ভারী যানবাহনের চলাচল যাত্রীদের মধ্যেও আতঙ্ক তৈরি করছে। নিয়মিত এই পথে যাতায়াতকারী আবু হেনা মোস্তফা সাদিক বাংলানিউজকে বলেন, ‘সড়কে বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। আগে যাওয়ার প্রতিযোগিতায় এক বাস আরেক বাসকে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয় যাত্রীদের। চালকদের এমন অসুস্থ প্রতিযোগিতায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু দেখার কেউ নেই’।
আরেক যাত্রী জসিম উদ্দিন বলেন, এই সড়কে যেভাবে যানবাহন চলাচল করে, তাতে প্রতিনিয়ত দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয়। সড়কটি সরু হওয়ায় দুটি গাড়ি পাশাপাশি চলাচলের সময় ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে বাসগুলো ওভারটেক করতে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কটি প্রশস্ত করা এবং যানবাহনের গতির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি।
স্থানীয়দের অভিযোগ, অনেক সময় দূরপাল্লার বাস ধীরগতির যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত লেনে চলে যায়। একই সময়ে বিপরীত দিক থেকে ডাম্পার বা ট্রাক এলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
স্পিড ব্রেকারেও ঝুঁকি
সড়কের বিভিন্ন পয়েন্টে তৈরি করা হয়েছে স্পিড ব্রেকার। তবে স্থানীয়দের অভিযোগ, এসব স্পিড ব্রেকারের অনেকগুলোই অতিরিক্ত উঁচু এবং পর্যাপ্ত রং বা সতর্কতামূলক চিহ্ন নেই। বিশেষ করে রাতে দূর থেকে স্পিড ব্রেকার দেখা না যাওয়ায় দ্রুতগতির যানবাহন হঠাৎ সেখানে উঠে ঝাঁকুনি খায়। এতে গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চালক নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কাও থাকে।
বাঁশখালী শীলকূপ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সড়কে থাকা স্পিড ব্রেকারগুলো অনেক উঁচু হলেও কোথাও সতর্কতামূলক চিহ্ন বা রঙের ব্যবহার নেই। ফলে দূর থেকে চালকেরা স্পিড ব্রেকার বুঝতে পারেন না। বিশেষ করে রাতে দ্রুতগতির যানবাহন হঠাৎ ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকারগুলো মানসম্মত করা এবং আগাম সতর্কতামূলক সাইনবোর্ড ও দৃশ্যমান চিহ্ন বসানো জরুরি।
সাম্প্রতিক দুর্ঘটনা দিচ্ছে সতর্কবার্তা
এই সড়কের বিভিন্ন অংশে সাম্প্রতিক সময়েও একের পর এক দুর্ঘটনা ঘটেছে। আনোয়ারা, বাঁশখালী ও পেকুয়া অংশে সিএনজি অটোরিকশা, বাস, পিকআপ ও মোটরসাইকেলের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত ৩১ মে আনোয়ারার পিএবি সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। ১ জুন বাঁশখালীর মনছুরিয়া বাজার এলাকায় মাছবোঝাই পিকআপের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হন দুজন।
১৫ জুন পেকুয়ার টইটং বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও কয়েকজন আহত হন। এ ছাড়া সড়কের বিভিন্ন অংশে মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনের দুর্ঘটনাও ঘটছে। স্থানীয়দের মতে, সড়কের সরুতা, বেপরোয়া গতি, ওভারটেকিং এবং খানাখন্দ-সব মিলিয়ে দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।
ভারী যানবাহনের চাপ
স্থানীয়দের অভিযোগ, এই সড়কে রড, সিমেন্ট, বালু ও মাটি বোঝাই ভারী যানবাহনের চলাচল বেড়েছে। অতিরিক্ত ওজনের ডাম্পার ও ট্রাক চলাচলের কারণে বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী নাজিম উদ্দীন চৌধুরী বাংলানিউজকে বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ভারী যানবাহন চলাচল করে। অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের চাপে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেই। দ্রুত সড়কটি সংস্কার ও ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন। নিয়মিত সংস্কারের পাশাপাশি অতিরিক্ত ওজনের যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা না হলে সংস্কার করেও সড়ক বেশিদিন টেকসই রাখা যাবে না।
চার লেনের দাবি
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে যোগাযোগের এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা হোক। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে জরুরি সংস্কার, সড়কের পাশে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
জলদি এলাকার স্থানীয় বাসিন্দা তসলিম উদ্দিন বাংলানিউজকে বলেন, এই সড়কে প্রতিদিন যানবাহনের চাপ বাড়ছে, কিন্তু সড়কের প্রশস্ততা সেই তুলনায় বাড়েনি। ফলে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা প্রয়োজন। আমরা চাই, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।
সড়কের বর্তমান অবস্থা, সংস্কার কার্যক্রম, ভারী যানবাহনের চাপ এবং চার লেনে উন্নীত করার পরিকল্পনা সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সঙ্গে।
তিনি বলেন, সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও পিচ উঠে গেছে, আবার কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় দিন দিন সড়কের অবস্থা খারাপ হচ্ছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রী ও পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের যেসব স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পাশাপাশি পর্যায়ক্রমে পুরো সড়কের উন্নয়নকাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কারকাজ শুরু ও শেষ করা সম্ভব হবে।
চার লেনে উন্নীতকরণ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, সড়কটি চার লেনে উন্নীত করার বিষয়টি নিয়ে পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই, প্রকল্প প্রস্তাব প্রণয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেলে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে এখনো চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়নি।
আনোয়ারা থেকে বাঁশখালী হয়ে পেকুয়া ও কক্সবাজারের সঙ্গে যুক্ত এই সড়কের গুরুত্ব দিন দিন বাড়ছে। শিল্পকারখানা, বাণিজ্য ও উপকূলীয় এলাকার মানুষের যাতায়াতের পাশাপাশি দূরপাল্লার যানবাহনের চাপও বাড়ছে। কিন্তু সরু সড়ক, খানাখন্দ, দ্রুতগতির বাস, ভারী যানবাহন এবং অপরিকল্পিত স্পিড ব্রেকারের কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। চার লেনের বড় প্রকল্প বাস্তবায়নে সময় লাগতে পারে। তবে তার আগ পর্যন্ত সড়কের গর্ত সংস্কার, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ, স্পিড ব্রেকারে দৃশ্যমান রং ও সতর্কতামূলক সাইন স্থাপন এবং বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
প্রশস্তকরণের উদ্যোগ, ব্যয় ১১৮৩ কোটি টাকা
সড়কের বেহাল অবস্থা নিরসনে দীর্ঘদিনের দাবি ও জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে আনোয়ারা থেকে বাঁশখালী হয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে সড়কটি ৩৪ ফুট প্রশস্ত হবে। পাশাপাশি সড়কের দুই পাশে তিন ফুট করে মোট ছয় ফুট সাধারণ মানুষের চলাচলের জন্য ফুটপাত বা পথ রাখা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত বিস্তৃত এ আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণের জন্য দোহাজারী সড়ক বিভাগ থেকে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হয়। প্রস্তাবটি ইতোমধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরে গৃহীত হয়েছে। কর্ণফুলী টানেলকে বহুমুখী ব্যবহার উপযোগী করা এবং বিদ্যমান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যানবাহনের চাপ কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে মোট ৩০ দশমিক ৪০ হেক্টর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে শুধু বাঁশখালী অংশেই অধিগ্রহণ করতে হবে ৩০ দশমিক ৪০ হেক্টর বা প্রায় ১৯৫ কানি জমি। আনোয়ারা, পেকুয়া ও চকরিয়া অংশে ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হলেও বাঁশখালী অংশে এ প্রক্রিয়া এখনো ধীরগতিতে চলছে। অধিগ্রহণের আওতায় পড়তে পারে এমন সড়কের পাশের মসজিদ, মন্দির, দোকানপাট ও বসতবাড়ির তালিকা প্রণয়নের কাজও চলছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের প্রকল্প পরিচালক আবদুল আলম বলেন, আনোয়ারার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব সড়ক ও জনপথ অধিদপ্তর গ্রহণ করেছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে বিকল্প যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। বাঁশখালী হয়ে কক্সবাজারের সঙ্গে যোগাযোগের দূরত্ব কমবে। পাশাপাশি এ সড়কে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। এতে লাখ লাখ মানুষ উপকৃত হবেন।
রাউজান প্রতিনিধি : : রাউজানে বিয়ের মাত্র চার মাস চারদিনের মাথায় রিমা দে নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রিà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ রালাইপাড়ার একটি বেসরà¦...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাটবাজার থেকে শুরু করে গ্রাম-মহল্লা সর্বত্রই বিক্রি হচ্ছে কলা। তবে এ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট কলে...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাটে প্রকাà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited