শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০৭ পিএম, ২০২৬-১১-১৬
প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত চট্টগ্রাম ওয়াসার ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে আর্থিক হিসাব, অডিট আপত্তি সহ একাধিক অসংগতি পেয়েছে স্থানীয় সরকার বিভাগ।
প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৬৮৮ কোটি টাকা।
অথচ প্রতিদিন ৬ কোটি লিটার পানি শোধনের সক্ষমতাসম্পন্ন প্ল্যান্টে বর্তমানে পানির চাহিদা মাত্র ১ কোটি লিটার। অর্থাৎ বিপুল অর্থ ব্যয়ে অবকাঠামো নির্মাণ করা হলেও তার পূর্ণ সক্ষমতা কাজে লাগছে না।
এর পাশাপাশি প্রকল্পের বিভিন্ন খাতে বরাদ্দের চেয়ে বেশি ব্যয়, অডিট আপত্তির বিস্তারিত তথ্যের ঘাটতি, ক্রয়সংক্রান্ত হিসাব যথাযথভাবে উপস্থাপন না করা এবং প্রকল্পের সুবিধা অর্জনের হিসাবেও অসংগতি উঠে এসেছে সরকারি পরিদর্শনে।
স্থানীয় সরকার বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পের মূল অনুমোদিত ব্যয় ছিল ১ হাজার ৩০৩ কোটি ৩০ লাখ টাকা।
পরবর্তী সময়ে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৯১ কোটি ৪৩ লাখ টাকায়।
প্রকল্পের সমাপ্তি প্রতিবেদন (পিসিআর) পর্যালোচনা ও সরেজমিন পরিদর্শনে ব্যয়ের বিভিন্ন খাতের তথ্য এবং প্রকল্পের বাস্তব সুফল নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠানের নির্মাণকাজ তদারকি সেবায় ১১ কোটি ৫২ লাখ ৯২ হাজার টাকার বিপরীতে ব্যয় হয়েছে ১২ কোটি ৪৫ লাখ ১১ হাজার টাকা। স্থানীয় সরকার বিভাগের পর্যবেক্ষণে এসব খাতের ব্যয়ের বিস্তারিত তথ্য ও সংশোধিত হিসাব যথাযথভাবে উপস্থাপনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
প্রকল্পের সমাপ্তি প্রতিবেদন তৈরিতেও নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয়নি বলে পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ সংশোধিত ০৪/২০২৪ ছকের পরিবর্তে পিসিআর তৈরিতে ০৪/২০০৩ সালের পুরোনো ছক ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া পণ্য, কার্য ও সেবা ক্রয়ের পরিকল্পনা, প্রকৃত ব্যয়, অনুমোদিত ব্যয়ের সঙ্গে পার্থক্য এবং ক্রয় প্যাকেজের বিস্তারিত তথ্য পিসিআরে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে প্রকল্পের কেনাকাটা ও সংশ্লিষ্ট ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র সমাপ্তি প্রতিবেদনে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় নির্ধারিত ছক অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য সংযোজনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
নয় অর্থবছরের অডিট আপত্তি
প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন অর্থবছরে অডিট আপত্তির বিষয়টিও উঠে এসেছে পরিদর্শন প্রতিবেদনে। ২০১৬-১৭ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিভিন্ন সময়ে অডিট আপত্তি থাকলেও প্রকল্পের সমাপ্তি প্রতিবেদনে এসব আপত্তির শিরোনাম, সংশ্লিষ্ট অর্থের পরিমাণ এবং আপত্তির বিপরীতে গৃহীত পদক্ষেপ নির্ধারিত ছকে তুলে ধরা হয়নি।
স্থানীয় সরকার বিভাগ এসব অডিট আপত্তির বিস্তারিত বিবরণ এবং নিষ্পত্তির অগ্রগতি জানতে চেয়েছে। ফলে প্রকল্পের সমাপ্তি প্রতিবেদন থেকেই অডিট আপত্তিগুলোর প্রকৃতি, আর্থিক সংশ্লিষ্টতা ও নিষ্পত্তির বর্তমান অবস্থা স্পষ্ট হচ্ছে না।
প্রকল্পের সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে শোধনাগারের সক্ষমতার ব্যবহার নিয়ে। প্রকল্পের আওতায় প্রতিদিন ৬০ মিলিয়ন বা ৬ কোটি লিটার পানি শোধনের সক্ষমতাসম্পন্ন প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। কিন্তু আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া ও কর্ণফুলী এলাকায় বর্তমানে দৈনিক পানির চাহিদা মাত্র ১০ মিলিয়ন বা ১ কোটি লিটার। অর্থাৎ শোধনাগারের মোট সক্ষমতার তুলনায় বর্তমান চাহিদা মাত্র ১৬ দশমিক ৬৭ শতাংশ। বাকি প্রায় ৮৩ শতাংশ সক্ষমতার সমপরিমাণ পানির চাহিদা এখনো তৈরি হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, চাহিদা কম থাকায় প্ল্যান্টটি অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে। শিল্পকারখানায় পানি সরবরাহ বাড়িয়ে শোধনাগারের পূর্ণ সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগ নিতে চট্টগ্রাম ওয়াসাকে পরামর্শ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
পাইপলাইন স্থাপনের তথ্যেও অমিল
প্রকল্পের পাইপলাইন স্থাপনের পরিমাণ নিয়েও দুই সরকারি নথিতে তথ্যের পার্থক্য পাওয়া গেছে। তথ্য অধিকার আইনে আবেদন করার প্রেক্ষিতে প্রতিবেদককে চলতি বছরের ১০ অক্টোবর সরবরাহ করা তথ্যে ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১৩৫ দশমিক ৭ কিলোমিটার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পাইপলাইন বসানোর কথা জানানো হয়েছে। তবে স্থানীয় সরকার বিভাগের সরেজমিন পরিদর্শন প্রতিবেদনে প্রকল্পের আওতায় ১৩৩ দশমিক ৩০ কিলোমিটার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পাইপলাইন নির্মাণের তথ্য উল্লেখ রয়েছে। দুই নথির তথ্যের মধ্যে পার্থক্য ২ দশমিক ৪ কিলোমিটার।
প্রকল্পের লাভ-ক্ষতির হিসাব সংশোধনের নির্দেশ
প্রকল্পের ব্যয়-সুবিধা বিশ্লেষণ বা কস্ট বেনিফিট অ্যানালাইসিসেও অসংগতি পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের প্রাক্কলিত সুবিধা ও বাস্তবে অর্জিত সুবিধার হিসাব যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। বিশেষ করে প্রকল্পের অর্থনৈতিক ও আর্থিক মূল্যায়নে ব্যবহৃত তথ্য সংশোধন করে বাস্তবে অর্জিত সুবিধার ভিত্তিতে নতুন করে বিশ্লেষণ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকল্পের বিভিন্ন খাতে স্থানীয় সরকার বিভাগের পর্যবেক্ষণে বিভিন্ন অসঙ্গতি থাকার বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহবুব আলম বাংলানিউজ জানান, যেকোনো প্রকল্পে অডিট আপত্তি থাকতে পারে। আমরা অডিট আপত্তিগুলো সংশোধন করার চেষ্টা করছি।
এ প্রকল্পের পাইপলাইনের হিসাবে গরমিলের বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি তিনি।
চট্টগ্রামর ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, বিভিন্ন সময় মন্ত্রণালয় থেকে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়। পাশাপাশি বিভিন্ন অডিট আপত্তিও দিয়ে থাকে। প্রকল্প সংশ্লিষ্টরা এসব আপত্তির জবাব ও নথিপত্র দিয়ে তা সমাধান করেন। এ প্রকল্পের (ভাণ্ডালজুরি পানি শোধনাগার) অডিট আপত্তিগুলোও সংশোধন করে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আর কোনো অডিট আপত্তি থাকার কথা না।
নিজস্ব প্রতিবেদক : জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে ও যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের বিষয়ে গুর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে। সোমব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ সোমবার ‘এনভায়রনমেন্টাল অ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েন তারা। নগরের অধিকাংশ মানুষ যখন দিনের কর্মব্যস্ততা শুরুর প্রস্তুতি নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited