শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৬ পিএম, ২০২৬-০৮-১২
কয়েকদিন গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর আবারও তীব্র গ্যাস-সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত থেকে হঠাৎ গ্যাস সরবরাহ কমে যাওয়ায় নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্না ব্যাহত হচ্ছে।
একই সঙ্গে গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও তৈরি হয়েছে দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন চালকেরা।
বুধবার (১২ আগস্ট) নগরের হামজারবাগ এলাকার বাসিন্দা জেসমিন আক্তারের সকাল কেটেছে চুলায় আগুনের অপেক্ষায়। সকাল আটটার পর থেকে গ্যাস না থাকায় দুপুর গড়িয়ে গেলেও রান্না করতে পারেননি তিনি।
তিনি বলেন, সকাল থেকে গ্যাস নেই। মাঝখানে একটু করে এসেছিল পরে আর দেখা নেই।
দুপুরের রান্নাও করতে পারিনি।
শুধু হামজারবাগ নয়, নগরের বিভিন্ন এলাকায় একই চিত্র। বাসাবাড়ির পাশাপাশি সংকটের প্রভাব পড়েছে সিএনজি চালিত যানবাহনেও। নগরের বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
কদমতলী ফোর স্টার সিএনজি স্টেশনে সকাল সাতটা থেকে গ্যাসের জন্য অপেক্ষা করছিলেন সিএনজিচালিত অটোরিকশাচালক সিরাজ উদ্দিন। দুপুরের পরেও গ্যাস পাননি তিনি।
তিনি বলেন, ফিলিং স্টেশনে গ্যাসের চাপ খুব কম। ফলে একটি গাড়িতে গ্যাস দিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে। এতে স্টেশনের সামনে গাড়ির সারিও দীর্ঘ হচ্ছে।
কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সূত্রে জানা গেছে, চট্টগ্রামে প্রতিদিন প্রায় ৩৫ কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু বুধবার সর্বোচ্চ ১৮ থেকে ১৯ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। ফলে দৈনিক চাহিদার প্রায় অর্ধেক গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে।
কেজিডিসিএলের কর্মকর্তারা জানান, এবারের সংকটের পেছনে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি সমস্যা মূল কারণ নয়। বৈরী আবহাওয়ার কারণে নতুন একটি এলএনজিবাহী জাহাজ মহেশখালীর টার্মিনালে ভিড়তে না পারায় গ্যাস সরবরাহ কমে গেছে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মো. শোয়েব বলেন, এলএনজিবাহী জাহাজ টার্মিনালে ভেড়ানোর জন্য বাতাসের গতির একটি নির্দিষ্ট সীমা রয়েছে। নিরাপদে জাহাজ ভেড়াতে বাতাসের গতি ২০ নটের মধ্যে থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে বাতাসের গতি প্রায় ৩৮ নট। এ কারণে নিরাপত্তার স্বার্থে জাহাজটি টার্মিনালে ভেড়ানো যাচ্ছে না।
তিনি জানান, বর্তমানে মহেশখালীর দুটি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ৪০ কোটি ঘনফুটের কিছু বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে। এলএনজিবাহী জাহাজটি টার্মিনালে ভিড়তে পারলে সরবরাহ বেড়ে প্রায় ৭৫ কোটি ঘনফুটে উন্নীত হতে পারে।
এর আগে গত ২১ জুলাই মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে বয়লার সমস্যার কারণে গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। এর প্রভাবে চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকট দেখা দেয়। একপর্যায়ে নগরে দৈনিক গ্যাস সরবরাহ ১৮ থেকে ১৯ কোটি ঘনফুটে নেমে আসে।
পরে টার্মিনালের একটি বয়লার চালু করে আংশিক সরবরাহ স্বাভাবিক করা হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষাও কমে আসে। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। মঙ্গলবার রাত থেকে আবার সরবরাহ কমে যাওয়ায় বুধবার সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা দিয়েছে।
এর আগে সংকটের সময় অনেক চালক চার থেকে আট ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করেছেন। কেউ কেউ গাড়িতেই রাত কাটিয়েছেন। এবারও গ্যাসের চাপ কম থাকায় গাড়িতে গ্যাস ভরতে বেশি সময় লাগছে।
দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। স্বাভাবিক সময়ে দুটি টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
কেজিডিসিএলের কর্মকর্তারা বলছেন, এবার গ্যাস-সংকট কত দ্রুত কাটবে, তা অনেকটাই নির্ভর করছে মহেশখালীর আবহাওয়ার ওপর। বাতাসের গতি কমে এলএনজিবাহী জাহাজটি টার্মিনালে ভিড়তে পারলেই সরবরাহ বাড়ানো সম্ভব হবে।
ততক্ষণ পর্যন্ত চট্টগ্রামকে চাহিদার তুলনায় প্রায় অর্ধেক গ্যাসের ঘাটতি নিয়েই পরিস্থিতি সামাল দিতে হবে। ফলে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসাবাড়ি ও পরিবহন খাতে গ্যাস-সংকট অব্যাহত থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার : : "রাসুল (সা.)-এর সীরাত যত বেশি চর্চা হবে, আমাদের হৃদয় তত বেশি আলোকিত হবে। ইসলাম আনুষ্ঠানিকতাসর্বস্ব ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : দেশে চলমান গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন। জ্বলছে না চুলা, গ্যাস পেতে সিএনজিচালিত যানবাহনকে ঘণ্টার...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ওরফে ডেভিড ইমনের হাটহাজারী থানায় করা ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited