শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৫ পিএম, ২০২৬-১১-১৫
নদীভাঙন আর জোয়ারের পানিতে বাংলাদেশের উপকূলীয় দ্বীপগুলোর ঘরবাড়ি, জীবিকা ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। সন্দ্বীপ, উড়িরচর ও কুতুবদিয়াসহ ঝুঁকিপূর্ণ এসব দ্বীপ রক্ষায় জলবায়ু অর্থায়ন বাড়ানো, উপকূলীয় সুরক্ষা জোরদার করা এবং ক্ষয়ক্ষতির প্রতিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন কপ ৩১-এর এক আলোচনা সভার বক্তারা।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে শনিবার (১৪ নভেম্বর) এ আলোচনা সভা হয়। ‘চট্টগ্রাম থেকে কপ ৩১: জলবায়ুঝুঁকি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশগত জবাবদিহি’ শীর্ষক এ সভার আয়োজক হিউম্যান২৪।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে কম দায়ী উপকূলের মানুষকেই এর ক্ষয়ক্ষতির সবচেয়ে বড় বোঝা বইতে হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
আলোচক ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নেটওয়ার্ক অন কালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল ডাইভারসিটির (আইইউএনসিবিডি) অধ্যাপক পিয়েরলুইজি বোজ্জি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
মূল তথ্যপত্র উপস্থাপন করেন হিউম্যান২৪-এর টিমপ্রধান সালেহ নোমান।
সভা সঞ্চালনা করেন ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, লবণাক্ততার কারণে উপকূলীয় এলাকার অবকাঠামো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপদ পানির সংকটের পাশাপাশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনাও দুর্বল হয়ে পড়ছে।
তাঁর ভাষায়, লবণাক্ততার কারণে আমাদের স্থাপনাগুলো সাত থেকে আট বছরের মধ্যেই স্বাভাবিকভাবে ক্ষয়প্রাপ্ত হয়।
সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। এর মধ্যে আছে বৃক্ষরোপণ, খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং দূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহন ও বাস চালু। সড়ক ও অবকাঠামো নির্মাণে প্রচলিত ইটের বদলে কংক্রিট ব্লক ব্যবহারের উদ্যোগের কথাও জানান তিনি।
নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, উপযুক্ত প্রযুক্তি ও মজবুত ভিত্তি নিশ্চিত করা গেলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
ভাঙনে ছোট হচ্ছে সন্দ্বীপ
মূল প্রবন্ধে সন্দ্বীপের ভৌগোলিক পরিবর্তনের চিত্র তুলে ধরেন সালেহ নোমান। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ১৮৮০ সালে দ্বীপটির আয়তন ছিল প্রায় ৫০২ বর্গকিলোমিটার। সাম্প্রতিক হিসাবে তা কমে দাঁড়িয়েছে প্রায় ২৫৮ বর্গকিলোমিটারে। ১৯৭৩ থেকে ২০২০ সালের মধ্যে সন্দ্বীপ ৭১ বর্গকিলোমিটারের বেশি ভূমি হারিয়েছে। কাটগড়, বাটাজোড়া ও নমস্তে গ্রামের মতো জনপদও নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং বর্তমানে উড়িরচর ইউনিয়ন বিলীন হওয়ার পথে বলে সভায় জানানো হয়।
মেঘনা মোহনায় পলি জমে নতুন চর জেগে উঠলেও সেগুলো ভাঙন ও জোয়ারের পানিতে প্লাবনের ঝুঁকিতে আছে। ফলে এসব এলাকায় স্থায়ী বসতি, জীবিকা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
সালেহ নোমান বলেন, সন্দ্বীপের অর্ধেকের বেশি বাসিন্দা জীবনে অন্তত একবার ঘরবাড়ি হারিয়েছেন। কিন্তু বিশ্ব তাঁদের দুর্ভোগকে যেন স্বাভাবিক ও অনিবার্য ঘটনা হিসেবে মেনে নিয়েছে।
সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থার করুন চিত্র তুলে ধরে সালেহ নোমান বলেন, বছরের পর বছর মানুষ এক মধ্যযুগীয় দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এর তেমন কোনো পরিবর্তন নেই ।
তিনি বলেন, এই সংকটের জন্য তাঁরা দায়ী নন। তাঁদের কণ্ঠস্বর তুলে ধরা, দায়বদ্ধতা নিশ্চিত করা এবং জলবায়ু সুবিচারের দাবি জোরালো করাই আমাদের উদ্যোগের লক্ষ্য।
বাস্তুচ্যুত পরিবারগুলো শুধু ঘরবাড়ি বা সম্পত্তি হারায় না; হারায় কৃষিজমি, মাছ ধরার জায়গা, প্রথাগত জীবিকা, সামাজিক বন্ধন, এমনকি নিজেদের শেকড়ের সঙ্গে সম্পর্কও। তাই উপকূলের মানুষের অভিজ্ঞতাকে জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ুনীতিতে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার।
ক্ষয়ক্ষতির প্রতিকার ও অন্তর্ভুক্তিমূলক নীতির দাবি
আলোচনায় বিশেষ বক্তা ছিলেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) প্রধান নির্বাহী আরিফুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (সিথ্রি ইআর) সাদিয়া জাহান রথি, সাংবাদিক শামসুদ্দিন ইলিয়াস এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে ঘরবাড়ি, কৃষিজমি, অবকাঠামো ও মাছ ধরার সরঞ্জামের মতো সম্পদের ক্ষতির পাশাপাশি সাংস্কৃতিক পরিচয়, প্রথাগত জ্ঞান, জীববৈচিত্র্য ও সামাজিক বন্ধনও হারিয়ে যাচ্ছে। এই অর্থনৈতিক নয় এমন ক্ষতি শুধু আর্থিক ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা সম্ভব নয়।
তাঁদের মতে, ক্ষয়ক্ষতি মোকাবিলার অর্থায়ন ও পুনর্বাসন কার্যক্রমে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও অগ্রাধিকারকে গুরুত্ব দিতে হবে। বাস্তুচ্যুতির সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক প্রভাবও বিবেচনায় নিতে হবে।
আলোচনায় উঠে আসে নারীদের জেন্ডারভিত্তিক সহিংসতা ও বৈষম্যের ঝুঁকির কথা। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিরা আগাম সতর্কবার্তা, নিরাপদ আশ্রয়, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম পেতে কী ধরনের বাধার মুখে পড়েন, সে কথাও বলেন বক্তারা।
তাঁরা জেন্ডার-সংবেদনশীল নীতি, সহজলভ্য সুরক্ষাব্যবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তরুণ, জেলে, উপকূলের শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীকেও উন্নয়ন পরিকল্পনা ও জলবায়ু অর্থায়নের সিদ্ধান্তে যুক্ত করার কথা বলেন তাঁরা।
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু অর্থায়ন
বক্তারা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের নামে উপকূলীয় প্রতিবেশব্যবস্থার ক্ষতি করা যাবে না। উন্নয়নের পরিবেশগত ব্যয় ঝুঁকিতে থাকা মানুষের ওপর চাপিয়ে না দিয়ে জেলে ও উপকূলের শ্রমজীবীদের জীবিকা রক্ষা এবং প্রাকৃতিক প্রতিবেশব্যবস্থা সংরক্ষণ করতে হবে। পরিবেশের অবক্ষয়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য টেকসই অর্থনৈতিক সুযোগ তৈরির ওপরও জোর দেন তাঁরা।
কপ ৩১-এর সামগ্রিক কর্মপরিকল্পনায়ও সমুদ্র ও জলবায়ুর পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে। ম্যানগ্রোভ ও সিগ্রাসের মতো নীল কার্বনসমৃদ্ধ প্রতিবেশব্যবস্থাকে জাতীয় জলবায়ু পরিকল্পনায় যুক্ত করা, উপকূলীয় প্রতিবেশব্যবস্থার সক্ষমতা বাড়ানো, সামুদ্রিক তাপপ্রবাহ ও সমুদ্রের অম্লতা মোকাবিলা এবং সমুদ্র পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক তথ্যের সুযোগ বাড়ানো এর অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশের উপকূলের মানুষের জীবিকা ও সুরক্ষার জন্য এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ।
পর্যাপ্ত ও সহজলভ্য জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন বক্তারা। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বড় গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। অভিযোজন, প্রশমন ও প্রতিবেশব্যবস্থা পুনরুদ্ধারে গ্লোবাল সাউথের দেশগুলোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর কথাও বলেন তিনি।
কপ ২৯-এ গৃহীত নতুন সমষ্টিগত পরিমাণগত জলবায়ু অর্থায়ন লক্ষ্য (এনসিকিউজি) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্য ঠিক করা হয়েছে। এতে নেতৃত্ব দেওয়ার কথা উন্নত দেশগুলোর। একই সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি সব উৎস মিলিয়ে বছরে অন্তত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর বৃহত্তর লক্ষ্যও রয়েছে।
বক্তারা বলেন, এসব প্রতিশ্রুতির সুফল ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে। ঋণের বদলে অনুদানভিত্তিক অর্থায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। স্থানীয় পর্যায়ে অভিযোজন, উপকূল সুরক্ষা, প্রতিবেশব্যবস্থা পুনরুদ্ধার ও জীবিকা পুনর্বাসনে অর্থ ব্যয়ের আহ্বান জানান তাঁরা।
আন্তর্জাতিক চুক্তি ও সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠান ও পরিবারের উদ্যোগের ওপর গুরুত্ব দেন অধ্যাপক পিয়েরলুইজি বোজ্জি। তিনি বলেন, শুধু ওপর থেকে নেওয়া পদক্ষেপের অপেক্ষায় না থেকে স্থানীয় প্রতিষ্ঠান ও পরিবারগুলোকে নিজেদের টেকসই ভবিষ্যৎ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং উন্নয়নে সময় ও শ্রম দিতে হবে।
বক্তারা বলেন, স্থানীয় উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও তা সরকার ও বড় নিঃসরণকারী দেশগুলোর আর্থিক ও রাজনৈতিক দায়িত্বের বিকল্প হতে পারে না। উপকূলীয় দ্বীপ রক্ষায় জলবায়ু সুবিচার, পরিবেশগত জবাবদিহি, অনুদানভিত্তিক অর্থায়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘরবাড়ি ও জীবিকার পাশাপাশি তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রথাগত জ্ঞান ও নিজস্ব পরিচয়ও রক্ষা করতে হবে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে নামকরণের à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্à...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited