শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৮ পিএম, ২০২৬-১১-০৫
ব্যস্ততম নিউমার্কেট মোড়ের ফুটপাত ও সড়কে হকারদের কাঠ বা স্টিল স্ট্রাকচার নেই। ত্রিপল বা পলিথিনের ছাউনি নেই। জামা-জুতো, ঘড়ি, শীতের পোশাকসহ রকমারি পণ্যের পসরা নেই। নেই হকারদের হাঁকডাক, ক্রেতাদের ঘিরে ধরার পুরোনো চিত্র।
বলাবাহুল্য ভিড় না থাকায় নেই ছিনতাই, পকেটকাটা পার্টির দৌরাত্ম্যও। হকারমুক্ত ফুটপাত দেখে স্বস্তির নিশ্বাস ফেলছেন পথচারীসহ বিভিন্ন বিপণিকেন্দ্রের দোকানিরা।
অনেকের কাছে এটি অবিশ্বাস্য, অসম্ভব, অচেনা একটি দৃশ্য।
তবে এমন দৃশ্য সকাল থেকে ভরদুপুর পর্যন্তই।
তারপর হকারদের আনাগোনা শুরু হয়। বিকেল হতেই ফুটপাতে পসরা সাজায় তারা। বেচাকেনা চলে একেবারে রাত পর্যন্ত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নিউমার্কেট এলাকার হকারদের শৃঙ্খলায় আনার উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে হকারদের বিকেল ৫টা থেকে বসার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। যদিও অনেকে তা মানতে চাইছেন না। সুযোগসন্ধানী কিছু হকার সকালেও বসার চেষ্টা করেন। পণ্যের পসরা সাজানোর খাট, টেবিল ফুটপাতে ফেলে রাখেন। মাঝেমধ্যে চসিকের উচ্ছেদ টিমের সঙ্গে লুকোচুরি খেলাও চলে হকারদের। ২০২৩-২৪ সালে নিউমার্কেট এলাকায় হকার উচ্ছেদে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল সিটি করপোরেশন ও পুলিশের সঙ্গে। তবে বিএনপির ডা. শাহাদাত হোসেন মেয়র ও প্রশাসক হওয়ার পর কঠোর অবস্থানের কারণে রক্তপাত ছাড়াই নিউমার্কেট এলাকার ফুটপাত হকারমুক্ত করা হয়েছে। যা নগরবাসীর নজর কেড়েছে।
ফুটপাতে কথা হয় সরকারি সিটি কলেজের ছাত্রী তৌহিদা বেগম বলেন, ছোটবেলা থেকেই হকারমুক্ত ফুটপাত দেখিনি। এবারই প্রথম দেখলাম। এর মাধ্যমে প্রমাণ হলো প্রশাসন চাইলে সবই সম্ভব। ঢাকায় হকার উচ্ছেদ সফল হয়েছে, চট্টগ্রামেও অসম্ভব কিছু নয়। ফুটপাত হাঁটার জন্য, মেলা বসানোর জন্য নয়। ফুটপাতে দোকান বসানোর কারণে ছিনতাইকারী, ইভটিজার, পকেটমারদের স্বর্গরাজ্য হয়ে পড়ে। কর্তৃপক্ষকে ধন্যবাদ দিনের বেলা ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য।
নিউমার্কেটে বাটা শোরুমের পাশের একজন দোকানি বলেন, দিনের বেলা হকারমুক্ত ফুটপাত কোনোদিন দেখিনি। আমরা লাখ লাখ টাকা সালামি (অ্যাডভান্সড), পুঁজি, বিক্রয়কর্মী রেখে ব্যবসা করে লোকসান দিয়েছি শুধু হকারদের কারণে। তারা ফুটপাত থেকে সড়ক পর্যন্ত দখল করে ফেলত। তাদের কারণে ক্রেতারা দোকানই দেখত না। ফুটপাতে ব্যবসা করার সুযোগ দেওয়াটাও বেআইনি। যদি মানবিক কিছু করতে হয় তাদের খোলা মাঠে সন্ধ্যাবেলা নির্দিষ্ট সময়ে বসার সুযোগ দেওয়া উচিত।
দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সোলেমান বলেন, বিপণিকেন্দ্রগুলোতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেও লোকসান দিতে হচ্ছে দোকানমালিকদের। বৈশ্বিক নানা কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, ক্রয়ক্ষমতা কমেছে। এর মধ্যে বিপণিকেন্দ্রের সামনে, ব্যস্ততম এলাকাগুলোতে হকারদের কারণে দোকানমালিকদের ব্যবসা লাটে উঠছে। নতুন উপদ্রব হচ্ছে অনলাইনে ব্যবসার নামে প্রতারণা। সব মিলে দোকানমালিকরা সালামি দিয়ে, দোকানভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ আনুষঙ্গিক খরচ মিটিয়ে খুবই খারাপ অবস্থায় আছে।
তিনি বলেন, হকারদের শৃঙ্খলায় আনার কাজটি কঠিন। সেই কঠিন কাজটি শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তবে হকারদের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে তা সঠিকভাবে কার্যকর করা দরকার। পাশাপাশি হকারদের সঠিক তালিকা করে স্থায়ীভাবে পুনর্বাসন করাও উচিত।
৩৫ বছর চট্টগ্রাম হকার সমিতির নেতৃত্ব দিয়েছেন নুরুল আলম লেদু। তিনি বাংলানিউজকে বলেন, হকার অধ্যুষিত নিউমার্কেট মোড় ও আশপাশের ফুটপাতে আড়াই থেকে তিন হাজার হকার বিভিন্ন ধরনের পণ্য বেচে সংসার চালিয়ে আসছে স্বাধীনতার পর থেকে। বংশ পরম্পরায় তারা এভাবে জীবিকা নির্বাহ করে আসছে। আমাদের দাবি ছিল স্থায়ীভাবে পুনর্বাসন। যুগের পর যুগ আশ্বাসই শুনেছি।
তিনি বলেন, প্রাথমিকভাবে সিটি করপোরেশন হকারদের শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগ নিয়েছে। আমরা চাই, হকারদের সিটি করপোরেশন থেকে নিবন্ধিত করা হোক। যেহেতু শীতকাল তাই হকারদের বিকেল তিনটা থেকে বসার সুযোগ দেওয়া হোক। কারণ পণ্যের পসরা সাজাতেই কয়েক ঘণ্টা চলে যায়।
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হয়েছে অগ্নিনিরাপত্তার উদ্বেগ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের জ্বালানি তেল আমদানি এবং খালাসব্যবস্থায় সময় ও ব্যয় কমানোর লক্ষ্যে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মু...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সমুদ্রে মাছ আহরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লেও তা টেকসই মৎস্য ব্যবস্থাপনার জন্য নতুন করে উদ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের অভিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশ সদস্যদের কল্যাণ, উন্নত কর্মপরিবেশ, শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করার ওপর গুরà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টায়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited