চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

আগামী ১৪ জুন চকরিয়া আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

চকরিয়া প্রতিনিধি :    |    ০৬:৫৫ পিএম, ২০২৬-০৬-০৪

আগামী ১৪ জুন চকরিয়া আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর চার মাসের মাথায় কক্সবাজারের চকরিয়া আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম  কক্সবাজার সফর।
এদিকে আগামী ১৪  জুন রবিবার  প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফরকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সমগ্র কক্সবাজারবাসী।
এই সফরে তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত হরিণ প্রজনন কেন্দ্র থেকে আজকের ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।এরপর তিনি  কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরি উপজেলার প্রশাসনিক  ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান,ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছানোর পর সড়কপথে  চকরিয়া ডুলাহাজারা আসবেন প্রধানমন্ত্রী ।সেখানে তিনি বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণের পরে জেলার নবগঠিত মাতামুহুরি উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কক্সবাজার- ১ (চকরিয়া- পেকুয়ার)  আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও উপস্থিত থাকবেন বলেন জানান ওই কর্মকর্তা। 

চকরিয়া উপজেলা শাহীন দেলোয়ার আরও জানান,প্রধানমন্ত্রীর এই সফরের সরকারি  সময়সূচি  প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশানের কাছে এখনো এসে পৌঁছায়নি।
তবে,দায়িত্বশীল সূত্রের খবরের ভিত্তিতে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রয়োজনীয়  প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

এদিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, আগামী  ১৪ জুন প্রধানমন্ত্রী  তারেক রহমান চকরিয়া আসবেন  এবং নবগঠিত  "মাতামুহুরী উপজেলা ভবনের ভিত্তিপ্রস্তর সহ ফলক উন্মোচন করবেন।