শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৪:৫৯ পিএম, ২০২৬-০৫-০২
চট্টগ্রামের আনোয়ারায় ঘরের রান্নাঘরে চুলায় বসানো গরম পানিতে ঝলসে গুরুতর আহত হওয়ার চার দিন পর হামিম বিন হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হামিম আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। পরিবারের সদস্যরা জানান, তারা সম্প্রতি বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায় বসবাস করছিলেন। শিশুটির মামাতো ভাই মো. কুতুব উদ্দিন জানান, গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে রান্নাঘরে অসাবধানতাবশত চুলায় বসানো গরম পানি পড়ে হামিমের শরীর ঝলসে যায়। প্রথমে তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে হামিমের বাবা সৌদি আরব থেকে পরদিনই দেশে ফিরে আসেন। পরিবারের একমাত্র ছেলেটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।