চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

বাঁশখালীতে দুইপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি :    |    ০৬:৩৯ পিএম, ২০২৬-০৭-৩১

বাঁশখালীতে দুইপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

বাঁশখালীতে লবণমাঠ ও মাছের ঘের দখল নিয়ে স্থানীয় দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোর রাতে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকবুল ফকির বাড়ির আব্দুল আলিমের ছেলে।
থানা পুলিশ জানায়, সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে লবণমাঠ ও মাছের ঘের দখল নিয়ে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার দিবাগত রাতে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এসময় জিল্লুর রহমান গুলিবিদ্ধ হয়।
তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ভোররাতে বাঁশখালীর এক যুবককে হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, লবণমাঠ ও মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।