চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

ট্রাকভর্তি গরু-মহিষ আসছে চট্টগ্রামের হাটে, এখনও জমেনি বেচাকেনা

স্টাফ রিপোর্টার :    |    ০৬:৫০ পিএম, ২০২৬-০৫-২০

ট্রাকভর্তি গরু-মহিষ আসছে চট্টগ্রামের হাটে, এখনও জমেনি বেচাকেনা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন কোরবানির হাটে এখনও পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। তবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকভর্তি গরু-মহিষ আসতে শুরু করেছে। এরই মধ্যে হাটজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। আর ব্যস্ত সময় পার করছেন খামারি, পাইকার ও শ্রমিকরা। নগরের সাগরিকা, ভাটিয়ারী, কর্ণফুলীসহ জেলার বিভিন্ন পশুর হাটে প্রতিদিনই বাড়ছে পশুর উপস্থিতি। উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, কুষ্টিয়া, বগুড়া ছাড়াও কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে গরু-মহিষ ট্রাকযোগে চট্টগ্রামে আনা হচ্ছে। ভোর থেকে রাত পর্যন্ত মহাসড়কে দেখা মিলছে পশুবাহী ট্রাকের চলাচল। হাট সংশ্লিষ্টরা জানান, ঈদকে ঘিরে আগেভাগেই ব্যবসায়ীরা পশু এনে রাখছেন, যাতে শেষ মুহূর্তে পরিবহন সংকট বা অতিরিক্ত ভাড়ার চাপ এড়ানো যায়। তবে এখনও ক্রেতাদের উপস্থিতি খুব কম এবং আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে কেনাবেচা শুরু হয়নি।
খামারিরা বলছেন, এবার দেশীয় খামারে উৎপাদিত গরু-মহিষের সরবরাহ ভালো। ফলে বাজারে পশুর ঘাটতির আশঙ্কা কম। পশুখাদ্য, ওষুধ ও পরিবহন ব্যয় বেড়ে গেছে এখন। তবে খামারিদের প্রত্যাশা ভালো দামে পশু বিক্রি করতে পারবেন। চট্টগ্রামের পশুর হাটগুলোতে এখন মূলত প্রস্তুতি, পরিচর্যা ও পশু ওঠানামার কাজ চলছে। হাটজুড়ে দেখা যাচ্ছে শ্রমিকদের ব্যস্ততা, ট্রাক থেকে পশু নামানো, অস্থায়ী খোঁয়াড় প্রস্তুত করা এবং খাবার-পানির ব্যবস্থা নিশ্চিত করার কাজ। সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের শেষ সপ্তাহ ঘনিয়ে এলে পুরোদমে শুরু হবে বেচাকেনা। তখন ছোট, মাঝারি ও বড় আকারের পশু ঘিরে জমে উঠবে চট্টগ্রামের কোরবানির হাট। এখনও বেচাকেনা কিংবা লেনদেনের কোলাহল না থাকলেও গরু-মহিষের আগমনে চট্টগ্রামের পশুর হাটে ইতোমধ্যে শুরু হয়েছে কোরবানির মৌসুমের প্রাণচাঞ্চল্য। দিন যত গড়াবে, ততই জমে উঠবে  হাট—এমনটাই প্রত্যাশা খামারি ও বেপারিদের।

রিটেলেড নিউজ